সম্প্রতি আবু ত্বহা আদনানের স্ত্রী ফেসবুকে তাদের বিচ্ছেদের কথা আবারও জানিয়ে অনলাইনপাড়ায় আলোচনায় এসেছেন। তাদের জীবনের এমন উত্থান-পতন যেন নাটক-সিনেমার কাহিনীকেও হার মানায়। আলোচিত এই বক্তার বৈচিত্র্যময় দাম্পত্য জীবন এবং বারবার নিখোঁজ হওয়ার ‘জাদুকরী ক্ষমতা’ দেখে অনুপ্রাণিত হয়ে এবার বাংলাদেশে এসেছেন ভারতীয় মেগা সিরিয়াল বিশেষজ্ঞ একতা কাপুর।
একটি অনির্ভরযোগ্য গুপ্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি, একতা কাপুর তাদের এই ডিভোর্স দেওয়া, আবার বিয়ে করা, তারপর আবার ডিভোর্স দেওয়ার ঘটনাগুলো শুনে আনন্দের সাথে বলেছেন, এ যেন ঠিক আমার সিরিয়াল! আমার সিরিয়ালগুলোর এমন বাস্তব ভার্সন দেখতে পাব, তা আমি কখনও ভাবিনি! আমি এতদিন জানতাম শুধু সাপের চামড়া আর প্লাস্টিক সার্জারি দিয়ে চরিত্র বদলানো যায়। কিন্তু বাংলাদেশে এসে দেখলাম, ডিভোর্স দিয়ে আবার বিয়ে করে এবং মাঝেমধ্যে গায়েব হয়ে গিয়ে কীভাবে জীবনের চিত্রনাট্যে টুইস্ট আনতে হয়। This is amazing! তাই আমি তাদের জীবনের এই কাহিনী তুলে ধরতে চাই টিভির পর্দায়, যেন মানুষজন বোঝে যে আমার সিরিয়ালগুলো আসলে শুধুই কল্পনা নয়, বরং বাস্তব!
তিনি আরও জানান, সিরিয়ালটির নাম ঠিক করা হয়েছে, কাহানি কভি ডিভোর্স, কভি নিকাহ কি। একটি ট্যাগলাইনও যোগ করেছেন, সালামত রাহে ফোন!
এদিকে আবু ত্বহার ভক্তরা দাবি করেছেন, এই সিরিয়ালের প্রতি পর্বে যেন অন্তত একটি করে কেয়ামতের আলামত এবং শয়তানের ধোঁকায় পড়ার আপডেট থাকে। এ ব্যাপারে একতা এখনও ভাবছেন বলে জানা গেছে।


