FBI-তে ডিএনএ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে পারেন সালমান মুক্তাদির!

পঠিত ... ১ ঘন্টা ১৪ মিনিট আগে

 

বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন। তবে অভিনয়ের জন্য নয়, বরং তার অসামান্য ডিএনএ বিশ্লেষণ ক্ষমতার কারণে তাকে সরাসরি FBI (আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন)-এর ডিএনএ ইঞ্জিনিয়ারিং বিভাগে আমন্ত্রণ জানানো হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি দেশের একটি স্পর্শকাতর ধর্ষণ মামলার ঘটনায়, যেখানে খোদ ফরেনসিক বিভাগ ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছিল, সেখানে সালমান মুক্তাদির সবার আগে অদৃশ্য রিপোর্ট পড়ে ফেলে অপরাধী শনাক্ত করে ফেলেন। তার এই অতিপ্রাকৃত ক্ষমতায় মুগ্ধ হয়েই মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে নিয়োগের কথা ভাবছে।

FBI-এর এক কাল্পনিক মুখপাত্র আয়নায় নিজের দিকে তাকিয়ে জানান, আমাদের বছরের পর বছর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। আর মিস্টার মুক্তাদির কোনো রিপোর্ট ছাড়াই শুধু কন্টেন্ট বানানোর গতিতে অপরাধী বের করে ফেলেন। এমন ট্যালেন্ট আমাদের দরকার, যারা ল্যাব ছাড়াই ডিএনএ রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে পারেন।

এদিকে সালমান মুক্তাদিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সালমান বর্তমানে নিজের নতুন ডিএনএ কিট উদ্ভাবন করছেন। যে কিটের কাজ হবে: ল্যাবে টেস্ট না করেই রেজাল্ট দেওয়া। অপরাধীর জায়গায় নিরপরাধ কাউকে বসিয়ে দিয়ে কন্টেন্টের ভিউ বাড়ানো। ফেসবুকের লাইক আর কমেন্ট গুনে ডিএনএ-র চেইন মেলানো।

পঠিত ... ১ ঘন্টা ১৪ মিনিট আগে

Top