রাজধানীর ধানমন্ডিতে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। ২০১৯ সালের স্মৃতিতে বুঁদ হয়ে থাকা এক যুবককে ২০১৯-এর আগে নিয়ে যেতে বলায় বেধড়ক পিটুনি দিয়েছেন এক সিএনজিচালক। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকটি কেবল বর্তমানের তিক্ত বাস্তবতা থেকে মুক্তি চেয়েছিলেন, যা চালকের কাছে উন্মাদনা বলে মনে হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে একটি সিএনজি থামান রিফাত নামের ওই যুবক। চালক গন্তব্য জিজ্ঞেস করলে রিফাত অত্যন্ত করুণ সুরে বলেন, মামা, ২০১৯-এর আগে নিয়ে যেতে পারবেন? যেখানে লিটার প্রতি তেলের দাম কম ছিল আর জীবনটা সহজ ছিল?
প্রথমে চালক বিষয়টিকে ভাড়া কম দেয়ার ফন্দি মনে করলেও, রিফাত যখন বারবার ক্যালেন্ডার দেখিয়ে অনুরোধ করতে থাকেন, তখন চালক ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযুক্ত সিএনজিচালক কুদ্দুস মিয়া উত্তেজিত কণ্ঠে বলেন, এমনেই জ্যামে মাথা গরম, তার ওপর এই পোলা আইসা কয় ২০১৯-এ যাইবো! আমি কি টাইম মেশিনের ড্রাইভার? সে আমারে কয়, মামা তখন তো মিটারেও চলতেন, এখন কেন দুইশ টাকা বেশি চান? এই কথা শোনার পর মেজাজ আর ঠিক রাখতে পারি নাই।
কাছেই দাঁড়িয়ে থাকা এক পথচারী বলেন, যুবকটির দোষ দেখি না। আমরা সবাই মনে মনে ওই ২০১৯-এই বাস করি। কিন্তু সিএনজিওয়ালার ওপর এই আবদার করাটা ছিল ঝুঁকিপূর্ণ। কারণ, সিএনজিওয়ালারা বর্তমানের জ্যামই মানতে চায় না, তার ওপর অতীতের জ্যামে যাওয়ার কথা শুনে উনি হয়তো ভেবেছেন উনার গ্যাসে টান পড়বে।
আহত যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে জানা গেছে, বাসায় গিয়েও তিনি ফেসবুক রিলসে Pre-2019 aesthetic ভিডিও দেখছেন এবং মনে মনে বিশ্বাস করছেন যে সিএনজিওয়ালা চাইলে ঠিকই তাকে নিয়ে যেতে পারতো, শুধু বেশি ভাড়া পাওয়ার আশায় নেয়নি।
এদিকে ট্রাফিক পুলিশ জানিয়েছে, অতীত বা ভবিষ্যতে যাওয়ার কোনো রুট পারমিট সিএনজিগুলোর নেই। কেউ যদি ২০১৯-এ যাওয়ার চেষ্টা করেন, তবে নিজ দায়িত্বে যাবেন। পুলিশ কেবল বর্তমানের জ্যাম সামলাতেই হিমশিম খাচ্ছে।


