ভারতে পলাতক অবস্থায় নতুন এক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা জানালেন শেখ হাসিনা। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর তিনি নাকি টেকনোক্র্যাট কোটায় মুখ্যমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সক্রিয় রাজনীতিতে নেই, নাগরিকত্বও নেই, তবু এমন আত্মবিশ্বাস কোথা থেকে? এই প্রশ্নে হাসিনার জবাব, কম তো করিনি ওদের জন্য! নিজের দেশ থেকেও বেশি আপন ভেবেছি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি নিজেই নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে শর্টলিস্টও করেছেন। এমনকি সম্ভাব্য শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য লুটিয়েন্স বাংলোয় ইতিমধ্যেই ডেমো প্র্যাকটিস করছেন বলেও জানা গেছে।
শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আবেগঘন হয়ে তিনি আরও বলেন, শুভেন্দু ব্রো আমাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবেন, ওনাকে এজন্য থ্যাংকস। তবে আপাতত দেশে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় রাষ্ট্রপ্রধান হওয়ার দুঃখ রাজ্যপ্রধান হয়ে মেটাতে চাই। বলতে পারেন, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। রাজনৈতিক বিশ্লেষকরাও এই দাবিকে দুধের স্বাদ ঘোলে মেটানোর ক্লাসিক কেস হিসেবে দেখছেন।
অন্যদিকে শেখ হাসিনার এমন অদ্ভুত দাবির কথা শোনার পর নিজে সরাসরি কিছু বলেননি সেখানকার বিজেপির মুখপাত্র এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদের দাবিদার শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু সোদনা নামে একটি ফেক অ্যাকাউন্ট থেকে হাসিনার ছবির সঙ্গে অ্যাড করে শখের তো কমতি নাই মিমটি পোস্ট করা হয়।


