জ্বালানি সংকটের কারণে দেশে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে শপিংমল ও দোকানপাট দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জনগণের একাংশ মনে করছে, এত কষ্ট করে বিদ্যুৎ উৎপাদনের দরকার নেই; দেশে যেহেতু ‘শরীরে অনেক কারেন্ট’ওয়ালা মানুষ আছে, তারা একটু দায়িত্বশীল হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
রাজধানীর এক মোড়ে দাঁড়িয়ে এমনই এক সচেতন নাগরিক বলেন, আমরা বাঙালি, আমাদের শরীরেই তো অনেক কারেন্ট। একটু ইচ্ছা করলেই আমরা নিজেরাই লাইট জ্বালাতে পারি। সরকার শুধু একটা মাল্টিপ্লাগ দিলেই হয়। তিনি আরও যোগ করেন, প্রয়োজনে দেশের প্রতিটি এলাকায় দুই-তিনজন করে ‘কারেন্টসমৃদ্ধ’ মানুষকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে বিদ্যুৎ বিভাগও একটু ছুটি পাবে, আর জনগণও নিজের শক্তির ওপর ভরসা করতে শিখবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে #HumanPowerPlant নামে একটি আন্দোলন শুরু হয়েছে। সেখানে অনেকেই দাবি করছেন, যারা ছোটবেলায় চুল দাঁড় করিয়ে বা দরজার হ্যান্ডেলে হাত দিলেই শক খেতেন, তাদের এখনই জাতীয় দায়িত্বে যোগ দেওয়া উচিত। কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন, এই বিশেষ প্রতিভাধর মানুষদের নিয়ে মানব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হোক, যেখানে তারা সারাদিন দৌড়াদৌড়ি করে বিদ্যুৎ উৎপাদন করবেন।
তবে বিষয়টি নিয়ে সবাই সমান উৎসাহী নন। একজন সম্ভাব্য কারেন্টওয়ালা ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ভাই, আমার শরীরে কারেন্ট নাই, তবে গ্যাস অনেক। যদি কখনো গ্যাসের সংকট হয়, তখন অবশ্যই ডাক দেবেন।


