ওদের নামে শোক প্রস্তাব করতে হলে আমরা কী দোষ করলাম! ক্ষোভ প্রকাশ নিয়াজী, টিক্কা খানদের

পঠিত ... ১ ঘন্টা ৩৭ মিনিট আগে

সংসদ অধিবেশনের প্রথম দিনে যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদের নামে শোক প্রস্তাব করার প্রস্তাব দিয়েছেন জামায়াত নেতা আবু তাহের। এতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই শুরু হলে অন্যদের মতো এতে যোগ দিয়েছেন পাক জেনারেল নিয়াজী, টিক্কা খানরাও। তাদের মতামত জানতে বিশেষ ব্যবস্থায় প্ল্যানচেটের মাধ্যমে দুই জেনারেলকে ডেকে আনা হলে দেখা যায়, তারা বেশ ক্ষুব্ধ এবং কিছুটা অভিমানী। প্রথমেই রাগান্বিত কণ্ঠে টিক্কা খান বলেন, ওরা কি আমাদের থেকে বেশি মানুষ মেরেছে? আমাদের সহযোগী হয়ে যদি ওদের নামে সংসদে শোক প্রস্তাব রাখা হতে পারে, তাহলে আমরা কি ঢেউটিন নাকি?

পাশেই বসে থাকা জেনারেল নিয়াজীও ক্ষোভ প্রকাশ করে বলেন, দুনিয়ায় মানবতা আর নাই বুঝলেন। মানবতাবিরোধী অপরাধ বেশি আমাদের, অথচ আমাদের নিয়ে একটা কথাও কেউ বললো না। তিনি আরও বলেন, ওদের নামে শোক প্রস্তাব করতে হলে আমরা কী দোষ করলাম? আমাদেরও তো একটা লিগ্যাসি আছে। প্ল্যানচেট পরিচালনাকারী এক গবেষক জানান, এই কথাগুলো বলতে বলতে নিয়াজী কয়েকবার টেবিল চাপড়াতে চেষ্টা করেন, কিন্তু যেহেতু তিনি আত্মা অবস্থায় আছেন তাই চাপড়ানোর শব্দ শোনা যায়নি।

এদিকে বিষয়টি জানার পর পাকিস্তানের কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রস্তাব দিয়েছেন যদি সংসদে সময় কম থাকে তাহলে অন্তত ‘কম্বো শোক প্রস্তাব’ দেওয়া যেতে পারে। তাদের ভাষায়, একটা প্রস্তাবে সবাইকে ঢুকিয়ে দিলেই তো হয়। এতে সংসদের সময়ও বাঁচবে, ইতিহাসও রক্ষা হবে।

পঠিত ... ১ ঘন্টা ৩৭ মিনিট আগে

Top