নিজেকে রুশ বিপ্লবের মাস্টারমাইন্ড দাবি করলেন পুতিন

৭২ পঠিত ... ১৫:৪২, জুলাই ২০, ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের পর হুট করে বেড়ে গেছে মাস্টারমাইন্ডের সংখ্যা। যেন মাস্টারমাইন্ড উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে এখন যত মাস্টারমাইন্ড, তত মাস্টারও নেই। সবচেয়ে সাম্প্রতিক মাস্টারমাইন্ড হিসেবে আত্মপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের এক সমাবেশে তাকে এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ঘোষণা করেন জামায়াতের এক নেতা।

এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে, কিংবা ঈর্ষায় জ্বলেই হোক, এবার আর নিজেকে আটকে রাখতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে এক বিশেষ ভাষণে তিনি বলেন, বাংলাদেশে যদি যে কেউ মাস্টারমাইন্ড হতে পারে, তবে আমি তো রাশিয়ার প্রেসিডেন্ট। রুশ বিপ্লবের সময় জন্ম না হলেও একজন রাশিয়ান হিসেবে এই বিপ্লবের মাস্টারপ্ল্যান আমারই মাথায় ছিল। পুতিন আরও দাবি করেন, ১৯১৭ সালের বিপ্লবের সময় তিনি টাইম ট্রাভেল করে লেনিনের পাশে দাঁড়িয়েছিলেন। লেনিন যেদিন ট্রেন থেকে নামছিলেন, আমি তখন তার জন্য চা বানাচ্ছিলাম। ট্রটস্কি আর স্ট্যালিনকে কন্টেন্ট প্ল্যান দিয়ে দিয়েছিলাম আমি নিজেই, — বলেন আবেগাপ্লুত পুতিন।

তবে শুধু বাংলাদেশ বা রাশিয়া নয় বিশ্ব রাজনীতিতেও এই নতুন মাস্টারমাইন্ড দাবির ঢেউ লেগেছে। ইতোমধ্যেই ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রো নিজেকে “ফরাসি বিপ্লবের চতুর্থ আর্কিটেক্ট” দাবি করেছেন, আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমিই ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতার আসল মাস্টারমাইন্ড। জর্জ ওয়াশিংটন শুধু আমার প্রজেক্ট ম্যানেজার ছিল।

৭২ পঠিত ... ১৫:৪২, জুলাই ২০, ২০২৫

Top