ঠিকই পড়ছেন।
জাহাঙ্গীর কবিরের কাছে কফি অ্যানেমা নিতে আসবেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় উত্তেজিত হয়ে পড়েছে ছিএনএন, বিবিছি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এ প্রসঙ্গে ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেলে বলেন, জীবনে কফি তো অনেক খেয়েছি, ঠু মাচ ইটেন। কিন্তু অ্যানেমা দেখে… ইয়ে মানে আমি এক্সাইটেড হয়ে গেছি! নতুন জিনিস, লাভ ইট!
এত অভিনব একটা জিনিস আবিষ্কার করার জাহাঙ্গীর কবিরের ভূয়সি প্রশংসা করে ট্রাম্প বলেন, ছেলেটার দম আছে! তা নাহলে এভাবে কেউ ভাবতে পারে? আমি তো পারিনি। কবির সাহেব রাজি থাকলে তাকে দিয়ে শুধু কফি নয়, আরও বিস্তৃত ক্ষেত্রে অ্যানেমা কাজে লাগাতে চাই শুল্ক ছাড়াই।
এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সবুজ প্রতিনিধি (ট্রাম্পের সোশ্যাল সাইটে ব্লক খাওয়া) যোগাযোগ করে জাহাঙ্গীর কবিরের সাথে। জানতে চাওয়া হয়, ট্রাম্প কীভাবে তার সাথে যোগাযোগ করেছিলেন, কী কী কথা হয়েছিল…..
জাহাঙ্গীর কবির মৃদু হেসে বলেন, সবই কারিশমা!
আমার ভিডিও ফেসবুকে দেখে ট্রাম্প তার ফেইক আইডি ‘মজলুম নেতা’ থেকে মেসেজে করেছিলেন যে তিনি কফি অ্যানেমা ভালোবেসে ফেলেছেন প্রথম দর্শনেই। যেভাবেই হোক, এটা তার লাগবেই। চাওয়ার ধরনেই ওনাকে আমি চিনে ফেলি। তারপর ইমো নম্বর দেই অর্ডার কনফার্ম করতে। আমি ট্রাম্পের জন্য আলাদা একটা ভেরিয়েশনও বের করেছি।
কী সেটা?–প্রশ্নের উত্তরে মৃদু হেসে জাহাঙ্গীর কবির বলেন: কফি ডোনেমা!
আর এইটার ট্যাগলাইন হলো, মেইক ডোনেমা গ্রেট অ্যাগেইন!


