সম্প্রতি তিন নারীর ‘একা একা’ কনফারেন্সে বিদেশে যোগ দিতে নেপাল যাবার জন্য ইমিগ্রেশন থেকে বাঁধা প্রাপ্ত হবার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না! প্রশাসন তাই মনে করছে এভাবে আর চলতে দেয়া যাবে না। তাই তারা জারি করবে নতুন রুল, পাসপোর্ট নয়, বিদেশ যাওয়ার জন্য সাথে রাখতে হবে স্বামীকে।
এক ভারমুক্ত ইমিগ্রেশন কর্মকর্তা আমাদের বলেন, let me say, let me say: আমাদের এই নতুন রুলের নাম–স্বামীগ্রেশন! স্বামীকে নিয়ে আসলেই তড়তড়িয়ে ইমিগ্রেশন পাড় করে ফেলতে পারবেন।
এক জ্যেষ্ঠ ইমিগ্রেশন যুবক বলেন, আমরা সেনসিবল। অন্য সবার মতো না। শুধু দেশের ভিতরেই না, বাইরেও নারীদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। এজন্য আমরা রেখেছি একটা ‘পোর্টেবল স্বামী’ অফার। যদি কোনো অবিবাহিত নারী আমাদের কাছে আসেন, শর্ত সাপেক্ষে আমরা এ দায়িত্ব পালনে পিছপা হব না।
স্বামী বিদেশে থাকায় স্বামীকে ছাড়াই স্বামীর কাছে যেতে চাওয়া নারী ইমিগ্রেশন থেকে ফেরত যাওয়ার সময় বলেন, আমি যে কী করি! অফিসাররা বলল একটা পোর্টেবল স্বামী নিয়ে ইমিগ্রেশন পার করে ফেলতে।
সেখানে উপস্থিত এক মুরুব্বি স্বস্তির ঢেঁকুর গিলতে গিলতে বলেন, কী দারুণ ব্যবস্থা! বাংলাদেশ লইয়া আমার আর টেনশন নাই। মহিলারা সম্পূর্ণ নিরাপদ!
তবে টেনশনে আছে পাসপোর্ট কর্মকর্তারা। ডিপার্টমেন্ট অফ পাসপোর্ট থেকে জানা যায়, তারাও নাকি পাসপোর্ট করার সময় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। নারীরা তো সবার!


