বৃষ্টির সকালে ছুটি' কার্ড দাবি করেছে অফিসগামী কর্মকর্তারা

১৩ পঠিত ০ ... ১১ ঘন্টা ৬ মিনিট আগে

 

ইদানীং সকালে ঘুম ভাঙছেই বৃষ্টির শব্দে।
চোখের ওপর জুলুম করে তাকে বাইরে তাকানোর জন্য বাধ্য করা হলেও সে নুয়ে পড়তে চায়। এমন পরিস্থিতিতে অফিস যাওয়ার নিষ্ঠুর তাড়া থেকে মুক্তি পেতে অফিসগামী কর্মকর্তাদের পক্ষ থেকে এবার চালু করার দাবি উঠেছে ‘বৃষ্টির সকালে ছুটি’ কার্ড।

দাবিদারদের ভাষ্যমতে, বৃষ্টির দিনে নিজের শরীরকে টেনে অফিসে নিয়ে যাওয়া আর অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক পাওয়া সমান।

এক কর্মকর্তা ভারাক্রান্ত মনে জানান, এই মন আমার পাথর তো নয়, সব দুঃখ সয়ে যাবে নীরবে। এখন সময় এটা নিয়ে একটা পদক্ষেপে যাওয়ার। আমরা কতকাল এমন বৃষ্টি মাড়িয়ে, ঘুম তাড়িয়ে, জড়িয়ে থাকা কাঁথা ছাড়িয়ে ভিজতে ভিজতে অফিসে আসব? এর একটা বিহিত করতে কার্ড আমরা চাই-ই চাই।

আরেক কর্মকর্তা বলেন, স্কুল-কলেজে বৃষ্টির কারণে ছুটি হতে পারে, অফিসেও সেই সুবিধা দিতে হবে। আমরা বয়সে বড় হলেও মন থেকে তো শিশুই।

দাবিদারদের একাংশ বলেছে, ‘বৃষ্টির সকালে ছুটি’ কার্ডের কিছু শর্তও থাকা উচিত। যেমন—সকাল ৭টার পর বৃষ্টি হলে পূর্ণ ছুটি, ৮টার আগে বৃষ্টি শুরু হলে দিনের দুই-তৃতীয়াংশ ছুটি, সঙ্গে কর্মীকে খিচুড়ি বাবদ ৬০ টাকা বিকাশে সেন্ড মানি।

কার্ডের ব্যাপারে এক সিনিয়র কর্তৃপক্ষ বলেছেন, আমি এসে বিষয়টি বিবেচনা করব। আজ আমি বৃষ্টির জন্য অফিসে আসতে পারিনি।

১৩ পঠিত ০ ... ১১ ঘন্টা ৬ মিনিট আগে

Top ​