আমার মাথাপিছু ঋণ মাত্র ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা, শুধু শুধু আপনারা আমারে খারাপ বলেন: এস আলম

পঠিত ... ১ ঘন্টা ৭ মিনিট আগে

দেশের মানুষের মাথাপিছু ঋণ যখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা, তখন নিজের আর্থিক অবস্থান নিয়ে অবশেষে মুখ খুললেন এস আলম। তিনি বলেন, শুধু শুধু আপনারা আমারে খারাপ বলেন কেন? দেখেন, দেশের ১৮ কোটি মানুষই ঋণী। আমিও ঋণী। তাহলে আমি খারাপ, আর বাকিরা ভালো, এই বৈষম্য কেন?

তার দাবি, মানুষ তাকে নিয়ে অযথাই ভুল ধারণা পোষণ করে। তিনি আরও বলেন, অনেকে ভাবে, আমি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে রাখছি। আরে ভাই, খবরটা ঠিকমতো পড়েন। মাথাপিছু ঋণ মাত্র ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। একটু মাথা দিয়েই হিসাব করেন।

এ সময় সাংবাদিকরা জানতে চান, দেশের মাথাপিছু ঋণের সঙ্গে তার ব্যক্তিগত ঋণের হিসাব কীভাবে মিলে যায়।

জবাবে তিনি বলেন, এই যে আপনারা এত কঠিন কঠিন প্রশ্ন করেন, এজন্যই দেশের মানুষ আমাদের ভুল বোঝে। আপনারা আমার দিকে তাকিয়ে হাজার কোটি দেখেন, আমি দেখি মাথাপিছু মাত্র ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা। দৃষ্টিভঙ্গির ব্যাপার। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে।

এদিকে অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু ঋণ মানে দেশের মোট ঋণকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা। ব্যক্তিগতভাবে কেউ ঠিক ওই পরিমাণ টাকা ঋণ নিয়েছেন, এমনটা বোঝায় না।

বিষয়টি শুনে এস আলম সাহেব কিছুটা ক্ষিপ্ত হয়ে ‘চ’ এবং ‘খ’ বর্গীয় কয়েকটি শব্দ উচ্চারণ করার পর বলেন, এই যে আবার হিসাব শুরু করলেন! এভাবেই আপনারা আমাকে খারাপ বানান।

পঠিত ... ১ ঘন্টা ৭ মিনিট আগে

Top