বিরোধী দলে যোগ দিতে চান ডায়াবেটিস রোগীরা। জানালেন নিয়মিত ওয়াকআউটে রোগ থাকবে কন্ট্রোলে

১৯ পঠিত ... ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে

 


সংসদে মোটামুটি হাঁটাহাঁটির মধ্যেই রয়েছে বর্তমান বিরোধীদল। কারণ কিছু হলেই ওয়াকআউট করে বসেন তারা। বাজেট পছন্দ হয়নি, ওয়াকআউট। বক্তব্যে আপত্তি, ওয়াকআউট। মাইকের সাউন্ড কম, ওয়াকআউট। পাশের বেঞ্চের সদস্য বেশি জোরে কাশি দিলেও পরিস্থিতি বুঝে ওয়াকআউটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে সরকারদলীয় লোকজন ব্যাপক সমালোচনা করলেও বিরোধী দলের এই অভ্যাসের ভূয়সী প্রশংসা করেছেন দেশের আপামর ডায়াবেটিস রোগী সমাজ। তাদের দাবি, সংসদে যত আলোচনা কমই হোক, হাঁটাহাঁটির ক্ষেত্রে বিরোধীদলের অবদান অনস্বীকার্য।

রাজধানীর এক ডায়াবেটিস রোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাক্তার প্রতিদিন হাঁটতে বলেছেন। কিন্তু আমি মানুষ, সকালে উঠতে ইচ্ছা করে না। বিকেলে হাঁটতে গেলে রাস্তার জ্যাম, পরিচিত মানুষ, চায়ের দোকান বলতে গেলে অনেক ঝামেলা। বিরোধী দলে যোগ দিলে অন্তত দলীয় কর্মসূচির অংশ হিসেবেই নিয়মিত হাঁটা হয়ে যাবে। বলতে পারেন এক ঢিলে দুই পাখি, রাজনীতিও হবে, সুগারও কন্ট্রোলে থাকবে। আরেক রোগী জানান, তিনি ইতোমধ্যে একটি রাজনৈতিক দলে যোগদানের ফরম সংগ্রহ করেছেন। তবে সেখানে ওয়াকআউটের রেকর্ড সন্তোষজনক না হওয়ায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি আরও বলেন, আমি এমন দলে যেতে চাই, যারা কথায় কথায় উঠে দাঁড়াবে। সংসদে ঢুকবে, দুইটা কথা বলবে, তারপর রাগ করে বের হয়ে যাবে। দিনে তিনবার এমন হলে আমার ১০ হাজার স্টেপ অনায়াসে হয়ে যাবে।

এদিকে ডায়াবেটিস রোগীদের এই আগ্রহের খবর পৌঁছানোর পর প্রধান বিরোধীদলের কয়েকজন নেতা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। দলের এক নেতা বলেন, আমরা এতদিন ভেবেছি ওয়াকআউট শুধু রাজনৈতিক প্রতিবাদের ভাষা। এখন বুঝতে পারছি, এটি জনস্বাস্থ্য কর্মসূচিও হতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতে দলের সদস্যপদ ফরমে ‘বর্তমানে দৈনিক কত স্টেপ হাঁটেন?’ নামে নতুন একটি ঘর যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

এদিকে বিরোধী দলে ডায়াবেটিস রোগীদের ব্যাপক যোগদানের সম্ভাবনায় সরকারদলীয় মহলেও নড়েচড়ে বসার খবর পাওয়া গেছে। তাদের এক নেতা বলেন, ওরা যদি এভাবে রোগী ধরে ফেলে, তাহলে আমাদেরও কিছু একটা করতে হবে। আমরাও হয়তো সংসদে মাঝে মাঝে দাঁড়িয়ে স্ট্রেচিং শুরু করব। তবে বিরোধী দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বাস্থ্য প্যাকেজ ঘোষণা করা হয়নি। যদিও ভেতরের একটি সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের জন্য ভবিষ্যতে ‘১০টি ওয়াকআউট সম্পন্ন করলে একটি ফ্রি ব্লাড সুগার টেস্ট’ ধরনের কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডায়াবেটিস রোগীরা ইতোমধ্যে বিরোধীদলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। তাদের একটাই দাবি, প্রতিবাদ হবে, রাজনীতি হবে, কিন্তু ওয়াকআউটটা যেন নিয়মিত হয়। কারণ গণতন্ত্রের পাশাপাশি সুগারও তো কন্ট্রোলে রাখাটাও জরুরি।

১৯ পঠিত ... ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে

Top