খেলাপি ঋণ ৬ লাখ কোটি ক্রস করেছি। উৎসাহ পেলে ১২ লাখ কোটি ছাড়াবো: ঋণখেলাপি সমাজ

১৫ পঠিত ... ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে

গত জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

এর আগে গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

ঋণখেলাপি সমাজ নিজেদের এই অনন্য অর্জনকে আরও অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চায়। একান্ত কাল্পনিক এক সাক্ষাৎকারে এক রাঘববোয়াল ঋণখেলাপি বলেন, সঠিক উৎসাহ পেলে আমরা এই ৬ লাখকে ১২ লাখেও নিয়ে যেতে পারি।

কেমন উৎসাহ চান? জানতে চাইলে এই ঋণখেলাপি বলেন, সমাজে আমাদেরকে একটু অবহেলার চোখে দেখা হয়। নিউজগুলোও দেখবেন, বেশ নেতিবাচক। আমাদের প্রশংসা করে নিউজ করতে হবে। প্রতিবছর শ্রেষ্ঠ ঋণখেলাপিকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করতে হবে। পাঠ্যক্রমে যোগ হবে সেরা ঋণখেলাপির জীবনী।

অন্য এক ঋণখেলাপি বলেন, সারা বিশ্বের ঋণখেলাপিরা আমাদের স্যার ডাকে। বৈশ্বিকভাবে আমাদের এখন বেশ সুনাম। অনেক উন্নত দেশের ঋণখেলাপিরা আমাদের কাছ থেকে টিপস নেয়। ঋণখেলাপিদের নিয়ে আয়োজিত অক্সফোর্ড, হার্ভার্ডের অনুষ্ঠানে আমরা গিয়ে স্পিচ দিয়ে আসি। অথচ দেশে সম্মান নাই! কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্পিচ দিতে পারি নাই। রাষ্ট্র তার মেধাবী সন্তানদের সঠিক মূল্যায়ন করতে পারছে না, এটা এই রাষ্ট্রের জন্য লজ্জার।

একপর্যায়ে এই ঋণখেলাপি কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি মুছে তিনি বলেন, আমাদের নামে মামলা হয়। সংসদে নানান কথা শোনানো হয়। অনেক ঋণখেলাপি নির্বাচন করতে পারেন না। আমাদের উকিল আদালতে ব্যস্ত থাকেন খেলাপি ঋণ পরিশোধের সময় পেছানোর জন্য। সারা বিশ্বে কত সম্মান, অথচ নিজের দেশে দাম পাইলাম না!

১৫ পঠিত ... ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে

Top