আবারও হ্যাকড জিটিএ ৬! নেপথ্যে মোহাম্মদপুর?

১৫ পঠিত ... ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে

সম্প্রতি নেটফ্লিক্সে বের হয়েছে রকস্টার গেমসের আপকামিং গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (GTA VI)-এর গেমপ্লে। আল্ট্রা-রিয়েলিস্টিক গ্রাফিক্স, টানটান উত্তেজনা ও আকর্ষণীয় স্টোরির এই গেম সিরিজটির এটি সর্বশেষ ভার্সন। এর আগে সর্বশেষ ২০১৩ সালে সিরিজটির জিটিএ ফাইভ রিলিজ হয়েছিল।

দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর নেটফ্লিক্সে গেমটির গেমপ্লে রিলিজ হওয়ার পরপরই গেমিং কমিউনিটিতে যথারীতি হইচই পড়ে গেছে। এসবের মাঝেই ঘটেছে এক কাণ্ড। গেমটির একটি সম্পূর্ণ অপ্রকাশিত ভিডিও লিক হয়েছে ইন্টারনেটে।

নতুন এই লিকড ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি রহস্যময় তরুণ চরিত্র। বিচিত্র হেয়ারস্টাইল আর তাপ্পিমারা জিন্স প্যান্ট তাদের পরনে। তরুণ এই পার্শ্বচরিত্র বা এনপিসিদের (NPC) হাতে রয়েছে চাপাতি। তারা চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি রাস্তায়। রাস্তার আশপাশে সরু ফুটপাত, অন্ধকার রাস্তা, আর পাশে কাবাবের দোকানের চুলা।

লিকড ভিডিওটি দেখে বাংলাদেশের গেমার কমিউনিটির কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে, এটি দেখতে অনেকটা ঢাকার মোহাম্মদপুর এলাকার মতো। সম্প্রতি একজন প্রাক্তন গেমার এক ফেক হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন যে, তিনি ৯৯.৯৫ শতাংশ নিশ্চিত—গেম ডেভেলপারদের মধ্যে কেউ একজন মোহাম্মদপুরের বাসিন্দা রয়েছেন।

এ বিষয়ে খোঁজ নিতে ইআরকি প্রতিবেদক যোগাযোগ করার পরদিন রহস্যময় এক ই-মেইল আইডি থেকে ইআরকি প্রতিবেদকের ই-মেইল আইডি হ্যাক করা হয়। ফলে প্রতিবেদক আর কিছু জানতে পারেননি।

১৫ পঠিত ... ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে

Top