মহাকর্ষকে বুড়ো আঙুল দেখিয়ে পৃথিবীর সব কিছুর দামই বরাবর ঊর্ধ্বমুখী! আর আপনি যত বড় তারকাই হোন না কেন, ক্রমবর্ধমান খরচের সঙ্গে তাল মেলাতে আপনাকেও করতে হতে পারে আপস। এমন একটি ঘটনা সম্প্রতি নেটদুনিয়ায় এতটাই আলোড়ন তুলেছে যে, বিশ্বকাপের হাইলাইটস ছাপিয়ে মানুষ গুগলে এখন সেই ঘটনার আদ্যোপান্ত খুঁজছে।
জি, ঠিক ধরেছেন। কথা হচ্ছে স্পাইডারম্যান সিনেমায় মেসির ক্যামিও নিয়ে। মাত্র কয়েক সেকেন্ডের এই ছোট্ট উপস্থিতির জন্য মেসি হাঁকিয়েছেন ১৭৬ কোটি টাকা। কিন্তু কেন এত টাকা? জানা গেল, এজন্য মেসির মনটা কিছুটা খারাপও। অনেক খোশামুদি করে তাঁর কাছ থেকে জানা গেল আসল কারণ। ভাঙা বাংলায় মেসি আক্ষেপ করে বলেন, আর কত দিমু!
কী দেবেন? কাকে দেবেন?—জানতে চাইলে মেসি কিছুটা দুঃখী টোনে বলেন, “ফিফাকে গত সিজন থেকে টাকা দিয়ে আসছি। এই সিজনের শুরুতেই সব পেমেন্ট ক্লিয়ার। তারপরও তারা চায়! দিনশেষে আমিও তো একজন সাধারণ যুবক, তাই না? ফিফার এবারের ডিমান্ড মেটাতে গিয়ে আমার টাকার বড়ই শর্ট পড়েছিল। অর্থ ম্যানেজ করতেই এবার অভিনয় করতে নামলাম। এরপর রেফারি, গোলকিপার—কতজনকে যে ভাগ দিতে হবে, উফ!
এদিকে ফিফার সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমি নাহিদ ছাড়া কারও সঙ্গে কথা বলব না। মেসি বলেছে নাহিদ ফোন দেবে! এটুকু বলেই তিনি ফোন কেটে দেন।
আলাপের শেষ পর্যায়ে মেসি অবশ্য ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের কোনো সিনেমায় ক্যামিও দিতেও তিনি রাজি আছেন। পল্টি, ডিগবাজি, উড়াউড়ি—সবই মোটামুটি পারেন। ফিফার ডিমান্ড যেভাবে বাড়ছে, বলা তো যায় না কখন কী লাগে!


