বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে এক অভূতপূর্ব এবং যুগান্তকারী পরিবর্তন এনেছে জাতিসংঘ। দীর্ঘ শতাব্দী ধরে চলে আসা দুই আঙুলের চিরাচরিত ভি (V) সাইনকে চিরতরে বিদায় জানিয়ে এখন থেকে ৫০১ নম্বরকে বিজয়ের নতুন আন্তর্জাতিক প্রতীক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। গত ২০ জুন ২০২৬ তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি ফেসবুক পোস্টের গভীর দার্শনিক তত্ত্ব বিশ্লেষণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে বিশ্বনেতারা সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন যে, যুদ্ধ-বিগ্রহ বা রাজনৈতিক বিপ্লব নয়, বরং রিসোর্টের রুদ্ধদ্বার কক্ষে উদ্ভূত চরম ব্যক্তিগত ও পারিবারিক জটিল পরিস্থিতিকে যেভাবে তাত্ত্বিক রূপ দিয়ে ঐতিহাসিক বিজয় হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব, তা মানব ইতিহাসের ডিকশনারিতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্তের নিপীড়িত নেতা বা ব্যক্তি যেকোনো রিসোর্ট, হোটেল বা সমজাতীয় বিনোদন কেন্দ্রে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার পর দুই আঙুল তোলার বদলে ডান হাতের পাঁচ আঙুল এবং বাঁ হাতের এক আঙুল দেখিয়ে ৫০১ নির্দেশ করার মাধ্যমে নিজেদের নৈতিক ও রাজনৈতিক বিজয় উদযাপন করবেন।
জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব জানান, এতদিন পর্যন্ত বিশ্ববাসী উইনস্টন চার্চিলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের V for Victory ধারণাকেই বিজয়ের একমাত্র মানদণ্ড মনে করত। কিন্তু আধুনিক যুগের নতুন রাজনৈতিক ব্যাকরণ প্রমাণ করেছে যে, প্রথম স্ত্রীকে ফোনে এক কথা বলে এবং রিসোর্টের ভেতরে অন্য দাবি করে যে অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয় অর্জন করা যায়, তার কাছে চার্চিলের তত্ত্ব নেহাতই শিশুতোষ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেম ক্রিয়েটর, ট্রল পেজের অ্যাডমিন এবং সোশ্যাল মিডিয়া বিশ্লেষকদের দীর্ঘদিনের দাবি ও অক্লান্ত গবেষণাকে সম্মান জানিয়েই এই প্রতীক পরিবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক এই ঘোষণার পর জেনেভায় অবস্থিত মানবাধিকার কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে কোনো ব্যক্তি যদি পারিবারিক বা সামাজিক চাপের মুখে পড়ে স্ত্রীকে “তুমি আবার মাঝখান দিয়া অন্য কিছু মনে কইরো না” বলে আশ্বস্ত করতে পারেন, তবে তাকে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক মাস্টারমাইন্ড হিসেবে মেডেল প্রদান করা হবে।
এই ঐতিহাসিক ঘোষণার পর বিশ্বজুড়ে ৫০১ প্রতীকটি নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নতুন একটি ধারা যুক্ত করে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রতিটি সচেতন নাগরিককে যেকোনো বিতর্কিত পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক দলিল হিসেবে রূপান্তর করার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের টি-শার্ট, ক্যাপ ও মগে V চিহ্নের বদলে ৫০১ লোগো প্রিন্ট করা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন ধারার সূচনা হলো, যেখানে নৈতিক অসঙ্গতি কিংবা ব্যক্তিগত আইনি বিতর্ক কোনো পরাজয় নয়, বরং তা ফেসবুক পোস্টের মাধ্যমে রাতারাতি এক পরম উদযাপনযোগ্য বিজয় হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাবে।


