ধুম-৪ এর শ্যুটিং মোহাম্মদপুর করতে চায় যশরাজ ফিল্মস

৪১ পঠিত ... ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে

আসছে সিনেমা ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির ৪র্থ কিস্তি। বাতাসে ভাসা খবর অনুযায়ী, সিনেমায় চোরের চরিত্রে চূড়ান্ত হয়েছেন রণবীর কাপুর। তবে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এবারের সিনেমায় রাখছেন এক বিশেষ চমক; তিনি এর শুটিং করবেন বাংলাদেশের মোহাম্মদপুরে।

কেন?

পাপারাজ্জিদের এমন প্রশ্নে তোলপাড় গোটা বলিউড।

ঠিকই তো, এত বড় ব্যানারের সিনেমার তরী কেন মোহাম্মদপুরে এসে ভিড়ল? এর কারণ জানিয়েছেন আদিত্য নিজেই, আমার সিনেমায় এবার মেথড অ্যাক্টিং দরকার। সেজন্য দরকার উপযুক্ত পরিবেশ। গোটা বিশ্বে মোহাম্মদপুরের মতো আমার সিনেমার উপযোগী পরিবেশ দ্বিতীয়টি নেই। আগের সিনেমাগুলোতে দেখেছেন, চোর সিসিটিভি ক্যামেরা কত কষ্ট করে, পরিশ্রম করে, প্রযুক্তি খাটিয়ে কন্ট্রোল করে। এবারের চোর অত প্রযুক্তিপ্রেমী নয়; সে গোটা সিসিটিভি ক্যামেরাই চোখের পলকে চুরি করে ফেলবে! মোহাম্মদপুরের সাম্প্রতিক ঘটনাগুলো আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছে, জুগিয়েছে আত্মবিশ্বাস।

এ ব্যাপারে রণবীর কাপুর বলেন, আমি শিগগিরই ছদ্মবেশে গিয়ে মোহাম্মদপুরে কয়েক দিন থাকব সিনেমার প্রস্তুতির জন্য। দে ধাক্কা, লেভেল হাই, ভেইরা দে, কিং অব মোচর, ভাইব্বা ল কিং গ্রুপগুলোর সঙ্গে আমার অলরেডি জুম মিটিং হয়েছে। ওদের হয়ে মাঠে নেমে কয়েক দিন কাজ করার অনুমতিও পেয়েছি। সিনেমায় এক অন্য রণবীরকে আপনারা দেখতে পাবেন।

তবে আদিত্য চোপড়া জানিয়েছেন, শুটিং ইউনিটের সবকিছুরই দুটি করে সেট বা ব্যাকআপ থাকবে। বলা তো যায় না, কখন কোন জিনিসটা চুরি হয়ে যায়!

মোহাম্মদপুর চুরি সংঘের (MCS) সভাপতি পিচ্চি জুম্মানের সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাদের প্রতিনিধি। জুম্মান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সে জানায়, আব্বে, ঘটনা ঘইট্টা গেছে, আমগো নাম এহন জানবো গোডা বিশ্ব! আমি আগেই তগোরে কইছিলাম, চুরিডা (চুরি করা) একটা আর্ট, একটা শিল্প!

ফেরার পথে অবশ্য সেই প্রতিনিধিকে খালি পায়ে ফিরতে হয়, কারণ তার জুতাও চুরি হয়ে গিয়েছিল।

৪১ পঠিত ... ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে

Top