আপনে গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম: এস আলমকে উদ্দেশ্য করে Money Heist প্রফেসর

পঠিত ... ১ ঘন্টা ১০ মিনিট আগে

ব্যাংক দখলের আধুনিক ও শান্তিপূর্ণ কৌশল শিখতে এবং প্রশিক্ষণ নিতে বাংলাদেশের এস আলম গ্রুপকে বিশেষ কর্মশালার আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের নামকরা সব দুর্নীতিবাজ ও মাফিয়া ডনরা। সম্প্রতি ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলের একটি গোপন স্যুটে এই আন্তর্জাতিক কর্মশালার প্রস্তাব পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এক স্যাটায়ার সূত্র।

উল্লেখ্য, ২০১৭ সালের সেই ঐতিহাসিক র‍্যাডিসন ব্লু পর্ষদ সভার স্মৃতি স্মরণে রেখে এই ভেন্যু নির্বাচন করা হয়েছে।


সম্প্রতি নেটফ্লিক্সের মানি হাইস্ট ইউনিভার্সের নতুন আপডেটে প্রফেসর আলভারো মোর্তে জানিয়েছেন, গোল্ড বার চুরি করা এখন পুরনো ফ্যাশন। টিজারে তাকে বলতে শোনা গেছে, The revolution never ends, যার আসল মানে নাকি, এস আলম যেভাবে আস্ত ব্যাংক গিলে ফেলেছে, সেটা দেখে আমি রিটায়ারমেন্ট নেওয়ার কথা ভাবছি।

শোনা যাচ্ছে, বার্লিন সিজন ২-এর প্রিমিয়ারে এসে প্রফেসর আফসোস করে বলেছেন, আমরা তো শুধু ব্যাংক অব স্পেনের ভল্ট ভেঙেছিলাম, আর এস আলম সাহেব তো ডিজিএফআই প্রযোজনায় আস্ত ব্যাংকের বোর্ডরুমই ভল্ট বানিয়ে ফেলেছেন! আমাদের প্রফেশনালে এমন মাস্টারমাইন্ড আগে আসেনি।র‍্যাডিসন ব্লুর এই প্রস্তাবিত ওয়ার্কশপে এস আলম গ্রুপ যে বিষয়গুলোতে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন:

বিনা পাসওয়ার্ডে ব্যাংক দখল: পিস্তল নয়, প্রটোকল ব্যবহার করে কীভাবে চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করতে হয়।

নিয়োগের পটিয়া ডকট্রিন: বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া কীভাবে এক জেলা থেকে হাজার হাজার কর্মী নিয়োগ দিয়ে ব্যাংককে পারিবারিক টাওয়ার বানানো যায়।

ইনভিজিবল লোন: ২ বিলিয়ন ডলার পাচার করেও কীভাবে টু বিলিয়ন ডলার ম্যান খেতাব পাওয়া যায়।

ছাপাখানা নিয়ন্ত্রণ: খবরের কাগজ ছাপার সময় ডিজিএফআই দিয়ে মেশিন বন্ধ রাখার আর্ট অব সাইলেন্স।

২০১৭ সালের ৫ জানুয়ারি র‍্যাডিসন ব্লুর গেটে সাংবাদিকদের আটকে দেওয়া হয়েছিল। ২০২৬ সালেও আন্তর্জাতিক দুর্নীতিবাজরা বলছেন, আমরা চাই এস আলম আমাদের শেখাক, কীভাবে শান্তিপূর্ণ শব্দটিকে উদ্ধৃতিচিহ্নের ভেতর রেখে একটা দেশের অর্থনীতিকে আইসিইউতে পাঠানো যায়।

এদিকে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর সুবিধা নিয়ে পুরোনো খেলোয়াড়দের ফেরার গুঞ্জনে আন্তর্জাতিক হাইস্ট দলগুলো বেশ উত্তেজিত। তারা মনে করছে, মাস্ক পরে ব্যাংক ডাকাতির দিন শেষ; এখন স্যুট-টাই পরে প্রটোকল নিয়ে ব্যাংক দখলই হলো স্মার্ট হাইস্ট। প্রফেসর যখন সেভিলে গোল্ড বার নিয়ে নতুন প্ল্যান করছেন, তখন ঢাকার পটিয়া থেকে বার্তার অপেক্ষায় আছেন আন্তর্জাতিক ডনরা। তাদের দাবি একটাই, প্রফেসর তো শুধু সিরিয়ালে ফেরেন, এস আলম যেন বাস্তবে ফিরে আমাদের একটু ট্রেনিংটা দিয়ে যান!

পঠিত ... ১ ঘন্টা ১০ মিনিট আগে

Top