অলিম্পিকের রানিং ইভেন্টে আবিদ, নয়ন ও রাকিবকে পাঠানোর প্রস্তুতি চলছে, ভয়ে কাঁপছেন উসাইন বোল্ট!

পঠিত ... ১ ঘন্টা ১৯ মিনিট আগে

 

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট কি তবে এবার অবসরের সিদ্ধান্ত বদলাতে যাচ্ছেন? না, ফেরার জন্য নয়, বরং পালানোর জন্য! অলিম্পিকের রানিং ইভেন্টে বাংলাদেশের তিন নতুন সেনসেশন আবিদ, নয়ন ও রাকিবকে পাঠানোর তোড়জোড় শুরু হতেই অ্যাথলেটিক্স দুনিয়ায় রীতিমতো কম্পন শুরু হয়েছে। বিশেষ করে জ্যামাইকান কিংবদন্তি বোল্ট নাকি ভয়ে নিজের স্পাইক জুতো আলমারিতে লুকিয়ে ফেলেছেন!

সবকিছুর শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। যেখানে দেখা গেছে, ছাত্রদলের এই তিন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের পেছনে যে গতিতে দৌড়াচ্ছেন, তা দেখে আধুনিক ফিজিক্সের সব সূত্র ওলোটপালোট হয়ে গেছে। চাক্ষুষ সাক্ষীরা বলছেন, তাদের পায়ের নিচে নাকি আগুন জ্বলছিল! স্পিডোমিটার দিয়ে মেপে দেখা গেছে, তাদের এই গাড়ি-ধরা গতি অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ডকেও বুড়ো আঙুল দেখাচ্ছে।

স্পোর্টস বিশ্লেষকরা বলছেন, উসাইন বোল্ট দৌড়াতেন মেডেলের জন্য, আর আবিদ-নয়ন-রাকিবরা দৌড়াচ্ছেন মহব্বতের জন্য। মেডেলের চেয়েও নেতার গাড়ির ধুলো স্পর্শ করার তাড়না বেশি গতি দেয়, এটা বোল্ট বেচারা বুঝবেন কী করে?

এদিকে অলিম্পিক কমিটি সূত্রে জানা গেছে, এই তিন জনের জন্য বিশেষ ট্র্যাকের ব্যবস্থা করা হচ্ছে। তবে একটি শর্ত দেওয়া হয়েছে, ট্র্যাকের সামনে অবশ্যই একটি কালো রঙের প্রাডো বা পাজেরো গাড়ি থাকতে হবে এবং সেই গাড়ির কাঁচ দিয়ে কেউ একজনকে হাত নাড়তে হবে। নতুবা তাদের সেই সুপারসনিক গতি নাকি কাজ করে না!

অলিম্পিক ভিলেজ থেকে পাওয়া এক উড়ো খবরে জানা গেছে, উসাইন বোল্ট নাকি এক ঘনিষ্ঠ বন্ধুকে মেসেজ করে বলেছেন, ভাই, আমি তো শুধু বাতাসের সাথে পাল্লা দিতাম, কিন্তু এই তিন জন তো প্রটোকলের চেয়েও দ্রুত চলে! আমি আসছি না ভাই, আমার ইজ্জত বড়।

ছাত্রদলের এই তিন স্প্রিন্টারের দৌড় দেখে এখন একটাই স্লোগান উঠছে, বোল্ট ভাই ভয় নাই, আবিদ-নয়ন মাঠ ছাড়ি নাই!

অলিম্পিকের স্বর্ণপদক কি তবে এবার বাংলাদেশের কোনো নেতার গাড়ির ডিকিতে উঠতে যাচ্ছে? উত্তর জানতে অধীর অপেক্ষায় পুরো জাতি।

পঠিত ... ১ ঘন্টা ১৯ মিনিট আগে

Top