ইরানকে ‘হরমুজ কার্ড’ দেওয়ার পরামর্শ এক বিএনপি নেতার

৪৮ পঠিত ... ১৮:০৩, মার্চ ২৮, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে, যখন ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে পুরো বিশ্বের তেল সরবরাহ সিস্টেমের গলায় হালকা চাপ দিয়ে ধরেছে, তখন পরিস্থিতি সমাধানে অভিনব এক প্রস্তাব দিয়েছেন এক বিএনপি নেতা। তার দাবি, হরমুজ কার্ড চালু করা হোক। বিশ্বের বড় বড় শক্তিধর দেশ যখন মিটিং, নিষেধাজ্ঞা আর প্রেস ব্রিফিং নিয়েই ব্যস্ত, তখন তিনি সরাসরি কার্ড-সলিউশনে চলে গেছেন। তার মতে, যুদ্ধ-টুদ্ধ বাদ দিয়ে এখন সময় স্মার্ট কার্ডের। কার্ড থাকলে কোনো সমস্যা নেই, নীতিতে না আগালে কোনো কিছুর সমাধান সম্ভব নয়।

কার্ড বিশেষজ্ঞ নেতার সাথে কথা বলার সময় আমাদের টিমকে তিনি জানান, দেখুন, আমেরিকা এতদিন গ্রিন কার্ড দিয়ে মানুষকে খুশি রাখছে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। আমেরিকা যে হেরে গেছে, এটা সবাই বুঝে গেছে। এখন কার্ড লাগবে ইরানিয়ানদের। আর সেইটা যদি হয় হরমুজ কার্ড, তাহলে তো কথাই নেই।

তিনি আরও জানান, এই কার্ড থাকলে কোনো জাহাজকে ইরান আটকাবে না, বরং ভিআইপি লেনে হরমুজ পার হওয়ার সুযোগ পাবে। তার ভাষায়, যেমন বিভিন্ন টোলপ্লাজায় ফাস্ট ট্র্যাক থাকে, অফিস-আদালতে দরবেশ বাবার সিস্টেম থাকে, ঠিক তেমনই একটি লেন হবে হরমুজে। এই লেনে ঢুকলে নাকি কোনো চেকিং, জেরা বা চোখরাঙানি থাকবে না। এমনকি মাঝপথে বিভিন্ন বিনোদন সেবা থাকা উচিত বলে মনে করেন তিনি।

এদিকে বিষয়টি ভুল বুঝে বিএনপির তৃণমূলের কিছু নেতা ইতিমধ্যেই মাঠে নেমে গেছেন। দেশের বিভিন্ন পেট্রোলপাম্পের সামনে ‘হরমুজ কার্ড বানানো হয়’ লেখা ব্যানার টাঙিয়ে গ্রাহকদের কাছ থেকে আগাম বুকিং নিচ্ছেন তারা। কোথাও কোথাও এমন অফারও দেখা গেছে—আজ বুকিং দিলে কাল কার্ড পাওয়া যাবে। অনেকে বলছেন, কিছুদিন আগে তো এক কার্ড দেওয়া হয়েছিল, আবার কার্ড আসছে নাকি।

এছাড়া কার্ডে বিভিন্ন প্যাকেজ রাখা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কোনো কোনো প্যাকেজে থাকবে শুধু হরমুজ পারাপার, অন্য প্যাকেজে হরমুজে টিকটক করার সুবিধা। সবচেয়ে দামি গোল্ড প্যাকেজে সরাসরি দুবাই রুটে অগ্রাধিকার সুবিধা রয়েছে। এছাড়া প্লাটিনাম প্যাকেজে থাকছে কোনো প্রশ্ন ছাড়াই পার হওয়ার গ্যারান্টি, এমনটাই দাবি দেশি বিক্রেতাদের।

এ বিষয়ে ইরানের আইআরজিসি (IRGC) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বাংলাদেশের ফ্যামিলি কার্ড সিস্টেম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা ভাবছি, হরমুজ কার্ড চালু করলে মিত্র দেশের জাহাজগুলো সহজে পার হতে পারবে। যাদের কাছে কার্ড থাকবে না, তাদের নিয়ে আমরা হাসাহাসি করব আর ট্রল করব। কার্ডের অগ্রগতি নিয়ে জানতে চাইলে তারা জানান, বিষয়টি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। শীঘ্রই আপডেট জানানো হবে।

বিষয়টি নিয়ে ট্রাম্পের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওরা আমাকে হরমুজ কার্ড প্রজেক্টের সর্বোচ্চ নেতা হওয়ার অফার দিয়েছিল। আমি না করে দিয়েছি।

৪৮ পঠিত ... ১৮:০৩, মার্চ ২৮, ২০২৬

Top