ইল্লিয়ীনের পাঞ্জাবি কেনার জন্য জমি বন্ধক রাখলেন আসিফ

২০ পঠিত ... ১২:৩২, মার্চ ০৮, ২০২৬

 

ঈদের কেনাকাটার ব্যস্ততার অনুপাতে পকেটের ভাটার টানের মৌসুম চলে এসেছে। আসিফ সেটা জানে; কিছু কিনতে হলে কিছু হারাতে হয়। এবার সে ইল্লিয়ীনের পাঞ্জাবি কিনবে বলে ঠিক করেছে।
কিন্তু শো-রুমে গিয়েই তার চক্ষু চড়কগাছ!
এত দাম?

কিন্তু এবার যে বন্ধুদের সামনে আবেগে ঘোষণা করে ফেলেছে এই পাঞ্জাবি কেনার কথা, ‘আরেহ, ইল্লিয়ীনের পাঞ্জাবি ছাড়া ঈদ হয় নাকি?’ এখন এটা ছাড়া ঈদের দিন মুখ দেখাবে কী করে, আর কোলাকুলি-ই বা করবে কী করে! কারো কাছে টাকা ধারও চাইতে পারছে না।

প্রথমে কয়েকবার ব্যাংকে সে লোনের জন্য গিয়েছিল। ব্যাংক কর্মকর্তার ‘লোন কেন চাইছেন?’ প্রশ্ন শুনে আসিফ উত্তর দিয়েছিল, এমনিই।

: এমনিই কি আর লোন দেয় ব্যাংক? কী করবেন লোন নিয়ে?
: ইল্লিয়ীনের পাঞ্জাবি কিনব।

কর্মকর্তা নাকি হেসেই কুটিকুটি। নিষ্ঠুর দুনিয়া, কেউ বুঝল না, একটা পাঞ্জাবিই তো।

আসিফ দেশের অর্থনীতি নিয়ে আরেক দফা হতাশ হল। ড্রেস লোন নাই কেন এই দেশে? সে ইল্লিয়ীনের হেল্পলাইনে যোগাযোগ করল, ‘আমি যে দামে পাঞ্জাবি কিনি তার ২০ গুণ দাম এখানে। নেহায়েত বন্ধুদের কথা দিয়ে ফেলেছি। আমাকে কি একটা পাঞ্জাবি দেওয়া যায় ডাউন পেমেন্টে? আমি কিস্তিতে শোধ করে দেব।’

ইল্লিয়ীনের এমন পলিসি না থাকায় বেচারা শেষপর্যন্ত তার বাবার কাছে গেল জমির বণ্টননামার দলিল চাইতে। দলিল নিয়ে সে সোজা চলে গেল তা বন্ধক দিতে।

আসিফ বুঝল, সে ফ্ল্যাট না, ব্যাংক-ব্যালেন্স না, আকাশের চাঁদও না, দলিল মর্টগেজের টাকায় পেতে যাচ্ছে ইল্লিয়ীনের পাঞ্জাবি। নাহ, দুনিয়াটা ততটাও নিষ্ঠুর নয়।

২০ পঠিত ... ১২:৩২, মার্চ ০৮, ২০২৬

Top