যুক্তরাষ্ট্র–ইসরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে এমন খবর ছড়িয়ে পড়তেই দেশে শুরু হয়েছে তেল আতঙ্ক। পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, অনেকেই আবার বাড়িতে বাড়তি তেল মজুত করার কাজে নেমে পড়েছেন। তবে সাধারণ মানুষকে এত দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন দেশের রাজনৈতিক তেলবাজ সমাজ। তাদের দাবি, দেশের জন্য পর্যাপ্ত তেল মজুত আছে, আর সেটা এমন মজুত যা শেষ হতে হতে নাকি অনন্তকাল লেগে যাবে।
রাজধানীতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক তেলবাজ সমিতির কয়েকজন নেতা জানান, সাধারণ মানুষ ভুল জায়গায় তেল খুঁজছেন। পাম্পে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই, যত তেল লাগে আমাদের কাছে আছে। আমরা এতদিন নেতাদের তেল মেরে যে পরিমাণ স্টক বানিয়েছি, তা দিয়ে কয়েক প্রজন্ম চলতে পারবে। এ ব্যাপারে এক তেলবাজ ভাই আমাদের বলেন, জনগণ ভয় নেই, রাজপথ ছাড়িনি। আমরা থাকতে যদি দেশে তেলের সংকট হয় তাহলে লা’নত আমাদের উপর। এতদিন নেতাদের তেল মেরে এসেছি, এবার প্রয়োজনে জনগণকেও মারবো।
এদিকে তেলবাজ সমিতি জানিয়েছে, প্রয়োজনে তারা জরুরি ভিত্তিতে ‘জাতীয় তেলবাজ রিজার্ভ’ খুলে দিতে প্রস্তুত। যেখানে দেশের বিভিন্ন দলের পরীক্ষিত তেলবাজরা পালা করে তেল সরবরাহ করবেন। একজন নেতা জানান, আমাদের কিছু সিনিয়র তেলবাজ আছেন যারা এক বসায় তিন-চার ঘণ্টা পর্যন্ত তেল মারতে পারেন। তাদের দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো সম্ভব। তেল সংকট নিয়ে মানুষের উদ্বেগ কমাতে ইতোমধ্যে ‘তেল আছে, ভয় নেই’ নামে একটি সচেতনতামূলক ক্যাম্পেইনও শুরু করেছে তেলবাজ সমাজ।


