তারেক রহমানকে ঈদের ছুটিতে অফিস না করার আহ্বান চাকরিজীবী সমাজের

২৪ পঠিত ... ১৪ ঘন্টা ৩ মিনিট আগে

ছুটির দিন নেই, শনিবার নেই—প্রতিদিনই কাজ করে যাচ্ছেন নতুন নতুন চাকরি পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের এমন ওয়ার্কোহলিক কর্মকাণ্ডে চিন্তিত দেশের চাকরিজীবী সমাজ। অনেকে অফিস থেকে ছুটির দিনেও কাজ করার চাপ পাচ্ছেন। প্রতিবাদ করলেই বলা হচ্ছে, তারেক রহমান কাজ করতে পারলে আপনি কেন পারবেন না?

এবার নতুন এক চিন্তায় পড়েছেন সরকারি ও বেসরকারি সেক্টরের চাকরিজীবীরা। তারা চিন্তায় আছেন, তারেক রহমান আবার শনিবারের মতো ঈদের ছুটিতেও কাজ করা শুরু করেন কি না! সেজন্য এই চাকরিজীবী সমাজ তারেক রহমানকে অনুরোধ করেছেন, যাতে ঈদের ছুটিটা অন্তত কাটান তারেক রহমান!

চাকরিজীবী সমাজের এই উদ্বেগ এখন কেবল অনুরোধে সীমাবদ্ধ নেই, বরং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঈদে কাজ না করার এক নীরব আন্দোলনে রূপ নিয়েছে। অনেক কর্পোরেট কর্মী আক্ষেপ করে বলছেন, তারেক রহমান যদি ঈদের দিনও ল্যাপটপ নিয়ে বসেন, তবে আমাদের বসরা সেটিকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমাদের সেমাই খাওয়ার বদলে এক্সেল শিট মেইল করার নির্দেশ দেবেন।

চাকরিজীবীদের এই জোটটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তাকিয়ে আছে এই আশায় যে, অন্তত একটি ঈদের দিন তিনি যেন ‘আউট অব অফিস’ অটো-রিপ্লাই সেট করে একটু জিরিয়ে নেন, যাতে সাধারণ কর্মজীবীদের ছুটির আনন্দটা অন্তত অফিসের চাপে মাটি না হয়।

২৪ পঠিত ... ১৪ ঘন্টা ৩ মিনিট আগে

Top