ঢাকা দক্ষিণের মেয়র ইলেকশনে আব্বাস-পাটোয়ারি জুটিকেই চায় রিলস প্রিয় জনতা
নির্বাচনী প্রচারণার পুরো সময় ধরে ঢাকা-৮ আসন ছিল সরগরম। নাসিরউদ্দীন পাটওয়ারি আর মির্জা আব্বাসের খুনসুটি, বক্তব্য-পাল্টা বক্তব্যে সয়লাব ছিল ফেসবুক টাইমলাইন আর রিলসের দুনিয়া। রিলস প্রিয় সমাজ এসব রিলস দেখে দেখে দিন কখন পার করে ফেলেছে তা নিজেও বুঝতে পারেনি। নির্বাচন শেষ হওয়ার পরই থেমে গেছে সেই উৎসবমুখর সময়। এতে রিলস প্রিয় জনতা বেশ দুঃখে পড়েছেন।
এমনই একজন রিলস প্রিয় সাধারণ এক জনতা যিনি কাদের ভাই নামে পরিচিত, আমাদের প্রতিনিধিকে জানান, ধুর ভাই! রিলস দেখে আর মজাই পাচ্ছি না! আগে কী সুন্দর মির্জা আব্বাস একটা কথা কইত, পাটওয়ারি তার কাউন্টার দিত! আমি সেই রিলস দেখতাম আর হাইসা গড়ায় পড়তাম। এহন রিলস দেখতে গেলেই ছাতার শসা, কদু এসে তুই তোকারি করতেছে! এইটা কিছু হইল মিয়া?
আরেকজন রিলস প্রিয় জনতা সাবিনা আপ্পি আমাদেরকে বলেন, পাটওয়ারি আর আব্বাসের খুনসুটি দেখতে দেখতে আমি এই জুটির প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তো বুঝতেই পারিনি এই জুটির রিলস এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে! আমি শুধু পুরোনো রিলসগুলোই ঘুরে ঘুরে দেখি। আমি চাই সামনের মেয়র ইলেকশনে আবারও ওরা আসুক। আমি একটু মজার রিলস দেখতে চাই! আমার প্রিয় জুটিকে আমি আবার রিলসে ফেরত চাই! আব্বাস-পাটওয়ারি জিন্দাবাদ!
এদিকে আমাদের এক প্রতিনিধিও কয়েকদিন ধরে অফিসে মন খারাপ করে বসে থাকে। তাকে জিজ্ঞেস করা হলে সে জানায়, ভাই, রিলসে আব্বাস-পাটওয়ারি নাই, আমার দিন দুইন্যা ভাল্লাগে না! ধুর ছাতা! আমি আর অফিসই করব না… এই কথা বলে সে সাথে সাথে অফিস থেকে বের হয়ে যায়।


