নোবেল শান্তি পুরস্কারের জন্য নানাবিধ গ্যাঞ্জাম করা এবং কথা বলা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত কী উচিত না এই নিয়েই ট্রাম্পের লাগাতার বক্তব্য, টুইট, ইঙ্গিত-ইশারা এবং সর্বশেষ নরওয়ের রাষ্ট্রপ্রধানকে লেখা চিঠির পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। কেউ এটাকে বিনোদন হিসেবে নিলেও, ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেননি নোবেল ভাই নিজে।
প্ল্যানচেটের মাধ্যমে আলফ্রেড নোবেলকে সাময়িকভাবে নামিয়ে এনে তার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি আমাদের প্রতিবেদককে একদম খাস ঢাকাইয়া ভাষায় বলেন, ভাই, আমি তো পুরস্কার দিছিলাম শান্তির লিগা। এখন দেখি পুরস্কার না পাইলে মানুষজন যুদ্ধের প্রস্তুতি নেয়। ট্রাম্প হালায় এত ক্যাঁচাল করবে জানলে আমি নোবেল পুরস্কারই চালু করতাম না। শান্তির জন্য কেউ এত অশান্তি করতে পারে, ভাইরে ভাই, কীয়েক্টাবস্তা।
এদিকে ট্রাম্পের কর্মকাণ্ড দেখে নোবেল কমিটিও নাকি বিব্রত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নোবেল ভাই প্রস্তাব দিয়েছেন ভবিষ্যতে শান্তি পুরস্কারের সাথে একটি ‘চিল পিল অ্যাওয়ার্ড’ চালু করার। যেটা শুধু তারাই পাবেন, যারা পুরস্কার না পেলেও অন্তত দুই মাস চুপ থাকতে পারবেন।


