সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ের সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেটি এড়িয়ে গিয়ে পেঁয়াজের দাম নিয়ে নিজের উদ্বেগের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ধারণা করা হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেয়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণই বোধহয় জাতীয় নিরাপত্তার অংশ। এখন থেকে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজ নিয়ে ব্যস্ত থাকায়; দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন বাণিজ্য উপদেষ্টা।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন করে ‘খাদ্যনিরাপত্তা-ভিত্তিক জাতীয় নিরাপত্তা নীতি’ প্রণয়ন করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, পেঁয়াজের দাম বাড়লে জনমনে ক্ষোভ জন্মায়, ক্ষোভ বাড়লে আইন-শৃঙ্খলা এমনিতেই খারাপ হয়—অতএব সরাসরি আইন-শৃঙ্খলা না সামলে আগে পেঁয়াজ সামলানোই কৌশলগত সিদ্ধান্ত।
এই বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আংশিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এখন থেকে খুন, ছিনতাই, ডাকাতি, মব সহিংসতা কিংবা ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না’ সব বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বাণিজ্য উপদেষ্টা। আর স্বরাষ্ট্র উপদেষ্টা নজর রাখবেন পাইকারি বাজার, খুচরা বাজার এবং প্রয়োজনে পেঁয়াজের খোসা পর্যন্ত।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠে নামত, এখন নামবে কিচেনে। এদিকে বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন। শোনা যাচ্ছে, পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি জানাবেন, অপরাধ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমদানি বাড়ানো হয়েছে।


