‘গেম অফ থ্রোনস’ টিভি সিরিজের সিজন এইট মুক্তির আগেই সেভেন কিংডমের আকাশে নতুন টুইস্টের ঘনঘটা। পাকিস্তানে খুঁজে পাওয়া গেছে টিরিয়ন ল্যানিস্টারের মেলাই হারিয়ে যাওয়া যমজ ভাইকে। রাওয়ালপিন্ডির এক রেস্তোরায় খাবার পরিবেশন করতে দেখা গেছে ল্যানিস্টার বাড়ির ছোট ছেলে টিরিয়ন ল্যানিস্টারের মতোই দেখতে এক ব্যক্তিকে।

রাওয়ালপিণ্ডির এক কাশ্মীরি রেস্তোরাঁর ওয়েটার, ২৫ বছর বয়সি রোজির সঙ্গে অভিনেতা পিটার ডিঙ্কলেজের অসম্ভব মিল প্রথম আবিষ্কৃত হয় ২০১০ সালে। এরপর থেকে প্রায়শই বহু আগন্তুক দাঁড়িয়ে পড়েন রোজির ছবি তুলতে। সম্প্রতি এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসার পর থেকেই নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে সেভেন কিংডমের আকাশে বাতাসে। গুজবের ডালপালা ছড়িয়ে পড়ার আগেই টিরিয়ন ল্যানিস্টার জানিয়েছেন, এটি হচ্ছে তার মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই।
এই বিষয়ে টিরিয়ন ল্যানিস্টারের সাথে যোগাযোগ করলে তিনি eআরকিকে জানান, ‘ছোটবেলায় আব্বার সাথে গেছিলাম ক্যাস্টারলি রকের বৈশাখী মেলায়। সেইখানে কীভাবে যে হারিয়ে গেল আমার ভাইটা! সেইদিন যখন আমি ছোটবেলায় জেইমি ভাইয়ের শিখানো গানটা গুনগুন করে গাচ্ছিলাম, তখনই মনটা কেমন যেন করে উঠল। এরপরই ফেসবুক স্ক্রল করতে করতে আমি খবরটা দেখি।’ বলতে বলতে চোখ ভিজে আসে তার।

এতদিন কী করে তিনি যমজ ভাইকে ভুলে ছিলেন এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন ‘আমি জানি না। এইসবই আব্বা আর সার্সেইয়ের ষড়যন্ত্র। তারা আমাকে বলেছিল যে, আমার ভাইকে ম্যাড কিং ধরে নিয়ে গেছে। সব সম্পত্তি একলা খাওয়ার জন্যই সে এই ষড়যন্ত্র করেছে। আমি সার্সেইকে দেখে নিব!’

টিরিয়ন ল্যানিস্টারের এই শব্দবোমা যেন স্তব্ধ করে দিয়েছে পুরো ওয়েস্টেরসকে। স্তব্ধতার ঢেউ গিয়ে পড়েছে কিংস ল্যান্ডিংয়ের রেড কিপেও। চিন্তার ভাঁজ পড়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা রানী সার্সেই ল্যানিস্টারের কপালে। ল্যানিস্টার হাউজের নতুন এই সদস্যকে অস্বীকার করেছেন তিনি। র্যাভেন মারফত এক বিশেষ স্ক্রলবার্তায় তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন ‘রাজ্যের এই শান্তিপূর্ণ সময়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একদল অসাধু চক্রান্তকারী মিথ্যে গুজব ছড়াচ্ছে। বিদেশি শক্তির সাথে আতাত করে এই ষড়যন্ত্রকারী চক্র রাজ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা শক্ত হাতে এই অপচেষ্টা প্রতিহত করতে বদ্ধপরিকর।’

তবে কিংস ল্যান্ডিংয়ের দুশ্চিন্তা বাড়লেও উইন্টারফেলের ঘরে ঘরে এখন বইছে আনন্দের বন্যা। তারা এখন ড্রাগন রানীর পাশাপাশি অপেক্ষা করছে এই নতুন ল্যানিস্টারের জন্যও। উইন্টারফেলের নির্বাহী দায়িত্বে থাকা সানসা স্টার্ক eআরকিকে জানিয়েছেন ‘আমরা সকলে আনন্দের সাথে অপেক্ষা করছি টিরিয়নের ভাইয়ের সাথে দেখা করতে। আশা করি তিনি আসলে, আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে।’ উল্লেখ্য, টিরিয়ন ল্যানিস্টার এখন ড্যানেরিস, জন এবং আনসালিড বাহিনীর সাথে উত্তরার পথে আছেন। অবিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, টিরিয়নের যমজ ভাইকে আনতে ড্রাগন পাঠানো হয়েছে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে। উত্তরার উইন্টারফেলে ড্যানেরিস বাহিনী এবং ঘরের ছেলে জন স্নোর জন্য যে সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল, সেটিতে এই ল্যানিস্টার ভাতৃদ্বয়ের জন্যেও থাকবে আলাদা আনন্দ কর্মসূচি।

