ঈদের পর জাতীয় অজুহাত হিসেবে স্বীকৃতি পেল, ট্রেনের টিকিট পাইনি

পঠিত ... ৪ ঘন্টা ১৬ মিনিট আগে

ঈদ-পরবর্তী সময়ে বেশিরভাগ অফিসে একটি সাধারণ সমস্যা দেখা যায়। অনেক কর্মী ট্রেনের টিকিট না পাওয়ার অজুহাতে ছুটি শেষ হওয়ার আরও দুই-তিন দিন পর অফিসে কাজে যোগ দেন। এবার তাই বিষয়টিকে আমলে নিয়ে ঈদের পর জাতীয় অজুহাত হিসেবে স্বীকৃতি পেল ট্রেনের টিকিট পাইনি।

দীর্ঘ গবেষণা, ফেসবুক কমেন্ট বিশ্লেষণ এবং অফিসের হাজিরা খাতা পর্যালোচনা শেষে অবশেষে এই অজুহাতটিকে জাতীয় অজুহাত হিসেবে স্বীকৃতি দিয়েছে অদৃশ্য কিন্তু অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান বাংলাদেশ অজুহাত মন্ত্রণালয়।

গতকাল রাজধানীর এক গোপন চায়ের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। এ সময় মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবছর ঈদের পরে লাখ লাখ মানুষ একই অজুহাত ব্যবহার করলেও এতদিন এটি কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি। আমরা মনে করি, দেশের সংস্কৃতি ও ফাঁকিবাজির ঐতিহ্য রক্ষায় এই স্বীকৃতি অত্যন্ত জরুরি ছিল।

ঘোষণার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল বের করেন দেরিতে অফিসে যোগদানকারী কর্মচারীরা। কেউ কেউ বাসার সামনে গরু কোরবানির মতো করে পুরোনো ট্রেনের টিকিট ঝুলিয়ে রাখেন। আবার অনেকে ফেসবুকে Finally Society Accepted Us ক্যাপশন দিয়ে আবেগঘন পোস্ট করেন।

মিরপুরের এক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, সারাজীবন বসের কাছে অপমানিত হইছি। টিকিট পাইনি বললেই উনি বলতেন, বাসে আসতে সমস্যা কী? এখন রাষ্ট্রই যখন স্বীকৃতি দিছে, তখন বস কিছু বললে মানবাধিকার লঙ্ঘন হবে।

এদিকে দেশের বস সমাজে নেমে এসেছে চরম আতঙ্ক। নিখিল বাংলা বস সোসাইটি (নিব্বাস) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ডরে আমার শরীর কাঁপতাছে” মিম পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছে। পোস্টে তারা লিখেছে, আগে অন্তত কর্মচারীদের guilt trip দেওয়া যেত। এখন তো তারা বুক ফুলিয়ে তিন দিন পরে আসবে।

অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। এক কর্মকর্তা জানান, আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম টিকিট সংকটকে জাতীয় ঐতিহ্যের পর্যায়ে নিতে। অবশেষে সেটি সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আরও কিছু অজুহাত জাতীয় স্বীকৃতি পেতে পারে। সেটি নিয়ে ইতোমধ্যেই পর্যালোচনা চলছে। যেমন, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অথবা নেট ছিল না, তাই মেইল দেখতে পারিনি এ ধরনের অজুহাতগুলোও হয়তো ভবিষ্যতে জাতীয় অজুহাতের স্বীকৃতি পেতে পারে।

পঠিত ... ৪ ঘন্টা ১৬ মিনিট আগে

Top