অস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন পাকিস্তানের রিজওয়ান

৬৩ পঠিত ... ১৩ ঘন্টা ৬ মিনিট আগে

 

চারিদিকে যখন এআই নায়ক-নায়িকাদের দুর্দান্ত অভিনয়ের রিলের কষাঘাতে অতিষ্ঠ ফোন, গতানুগতিক চলচ্চিত্রের একঘেয়ে সিনেমাটোগ্রাফির আউলা বাতাসে বাউলা এ মন, ঢিসটিং ঢিসটিং কাহিনির শর্ট রিলও যখন মন টানে না, তখনই দেশ-বিদেশের আপামর সিনেপ্রেমীদের কাছে গ্রীষ্মের চরম দাবদাহে এক পশলা বৃষ্টির মতো হাজির হলো একটি ভিডিও।

রৌদ্রোজ্জ্বল মাঠের সেই সিকোয়েন্সে দেখা যায় রিজওয়ানকে, ব্যাট হাতে। আপাদমস্তক সাদা পোশাকে তিনি অভিনয় করছিলেন একজন পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে। প্রতিপক্ষ বাংলাদেশ। তিনি মাঠে শুধু ভালো অভিনয়ই করেননি, পারফর্মও করেছেন ঠিক একজন নিখুঁত ক্রিকেটারের মতো।

তাঁর এই মনোমুগ্ধকর অভিনয়শৈলী ছুঁয়ে গেছে টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলি, জেমস ক্যামেরন, আশুতোষ গোয়ারিকর, ডিপজলসহ অনেককে।

সামনের অস্কারের জন্য আগাম মনোনয়ন পাচ্ছেন রিজওয়ান, এমনটাই শোনা যাচ্ছে হলিউডের আকাশে-বাতাসে।

রিজওয়ানের ভিডিও নেট দুনিয়ায় প্রকাশের পরপরই বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, অস্কার এবার কার হাতে উঠবে, আমি আগেই বলে দিতে পারি। রিজওয়ানকে আমি Inception Infinity-তে কাস্ট করতে চাই। এমন মেথড অ্যাক্টিং আমি সাম্প্রতিক সময়ে দেখিনি।

শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার রিজওয়ানের বায়োপিকেও তাঁকে দেখা যেতে পারে অভিনয় করতে।

ভারতের কয়েকটি সিনেমা প্রোডাকশন হাউস ইতোমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।

৬৩ পঠিত ... ১৩ ঘন্টা ৬ মিনিট আগে

Top