আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে গাড়িপ্রিয় একজন মানুষ তা সবাই দেখেছেন। বৃষ্টি হলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, কারও উদ্ভাবিত গাড়িতে চড়ে বেড়ানোসহ গাড়িবিষয়ক নানা কর্মকান্ডে বেশ এক্টিভ দেখা গেছে তাকে। তার এই গাড়িপ্রেম নজর এড়ায়নি আন্তর্জাতিক দুনিয়ারও!
একটি অবিশ্বাস্য সূত্র থেকে জানা গেছে, বিখ্যাত ইন্টারন্যাশনাল গাড়ি বানানোর কোম্পানি ফোর্ড ও ফেরারি একই সাথে প্রধানমন্ত্রীর সাথে ফেক ফোনকলে প্রস্তাব দিয়েছেন যেন তাদের পরবর্তী নতুন সব গাড়ির টেস্ট ড্রাইভ তিনিই করেন।
এ ব্যাপারে ফোর্ড কোম্পানি একটি ফেক টুইটে জানিয়েছে, আমরা এতদিন কেবল ইঞ্জিন বুঝতাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গাড়ির 'পালস' বোঝেন, তাতে আমাদের মনে হচ্ছে আমরা এতদিন খেলনা গাড়ি বানিয়েছি। বৃষ্টির দিনে গাড়ির লুক কেমন হয়, তা তার চেয়ে ভালো আর কে জানে? তিনি যদি আমাদের পরবর্তী মাস্ট্যাং টেস্ট করেন, তবে আমরা সিটের বদলে রাজকীয় সোফা লাগিয়ে দেব!
এদিকে পিছিয়ে নেই ফেরারিও। তাদের আনঅফিশিয়াল পেজ থেকে ১০০০ শব্দের একটি দীর্ঘ প্রসংশাসহ স্ট্যাটাসে বলা হয়েছে, রেড কালার আমাদের সিগনেচার হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িতে চড়ার যে সিগনেচার স্টাইল, তার কাছে আমাদের অ্যারোডাইনামিক্সও ফেল! আমরা প্রস্তাব দিয়েছি, তিনি যেন আমাদের পরবর্তী সুপারকারের টেস্ট ড্রাইভ করেন। প্রয়োজনে স্পিড ব্রেকার ছাড়াই আমরা বাংলাদেশের রাস্তার মতো মসৃণ ট্র্যাক বানিয়ে দেব ইতালিতে!
এদিকে শোনা যাচ্ছে, এই খবর শোনার পর থেকে টেসলার মালিক ইলন মাস্ক বেশ চিন্তিত। তিনি নাকি এখন থেকে টেসলার সব গাড়িতে বৃষ্টি মোড আর লুকিং গ্লাস ছাড়াই দেখার অপশন আনার কথা ভাবছেন, যাতে প্রধানমন্ত্রীর সুনজরে আসা যায়।


