মেডিকেল বোর্ডের বিস্ময়: যুবদলের নয়নের ইসিজি রিপোর্টে ধরা পড়ল 'তারেক রহমান'

পঠিত ... ১ ঘন্টা ৪৫ মিনিট আগে

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের একটি সাম্প্রতিক বক্তব্যে দেশের চিকিৎসাবিজ্ঞানে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক আলোড়ন সৃষ্টি হয়েছে। নয়ন দাবি করেছিলেন, তাঁর শরীরটা যদি একটা কাঠামো হয়, তবে তাঁর হৃদপিণ্ড হলেন স্বয়ং জনাব তারেক রহমান।

রাজনৈতিক মহলে বিষয়টিকে চরম আনুগত্য বা পলিটিক্স হিসেবে দেখা হলেও, দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞরা বিষয়টিকে স্রেফ রাজনৈতিক আবেগ বলে উড়িয়ে দিতে পারেননি। যুবদল নেতার এই অনন্য শারীরিক ও রাজনৈতিক কাঠামোর সত্যতা যাচাই করতে তড়িঘড়ি করে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আজ সকালে রাজধানীর একটি নামী হাসপাতালে তাঁর জরুরি ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম করার পর চিকিৎসকেরা যা দেখলেন, তাতে খোদ মেডিকেল বোর্ডের চোখ চড়কগাছ!

সাধারণ মানুষের ইসিজি রিপোর্টে পি-কিউ-আর-এস-টি (P-Q-R-S-T) ওয়েভ বা রেখা দেখা যায়। কিন্তু চিকিৎসকেরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন, নয়ন ভাইয়ের ইসিজি পেপারের গ্রাফে কোনো সাধারণ রেখা নেই। সেখানে গ্রাফের দাগগুলো নিখুঁতভাবে ‘T-A-R-E-K’ অক্ষরে ওঠানামা করছে!

মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ স্তব্ধ হয়ে গণমাধ্যমকে বলেন,

আমাদের মেডিকেল ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনো দেখিনি। উনার হার্টবিট যখন লাব-ডাব করার কথা, স্টেথোস্কোপ দিয়ে শুনলাম সেখানে মৃদু আওয়াজে বাজছে, লন্ডন-ঢাকা, লন্ডন-ঢাকা। প্রতি মিনিটে এই স্পন্দন প্রায় ৭০-৮০ বার হচ্ছে।

রিপোর্টে আরও দেখা গেছে, অতীতে যখন ফ্যাসিস্ট সরকারের আমলে উনার ওপর নানা ঝড়ঝাপটা এবং ক্রসফায়ারের নির্দেশ এসেছিল, তখন দলের ৯৮% ধমনী ও শিরা ব্লক হয়ে গিয়েছিল। এমনকি অনেক নেতাকর্মী ফোন ধরাও বন্ধ করে দিয়েছিলেন।

ঠিক ওই সংকটময় মুহূর্তে নয়ন ভাইয়ের হৃদপিণ্ডকে সচল রাখতে করোনারি ধমনী হিসেবে একাই অক্সিজেন জোগান দিয়েছিলেন দূর প্রবাসে থাকা পেসমেকার তথা তারেক রহমান। সেই অক্সিজেন সাপোর্টের কারণেই আজ নয়ন ভাই চিকিৎসাবিজ্ঞানের সমস্ত সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন।

এই অলৌকিক ইসিজি রিপোর্টের পর দেশের পলিটিক্যাল সায়েন্সের গবেষকেরা ধারণা করছেন, রাজনীতিতে এখন থেকে রক্তের গ্রুপ পরীক্ষার চেয়ে হার্টের গ্রুপ পরীক্ষা করা বেশি জরুরি হয়ে পড়বে।

মেডিকেল বোর্ড তাদের চূড়ান্ত প্রেসক্রিপশনে লিখেছেন: রোগী সম্পূর্ণ সুস্থ এবং উনার হৃদপিণ্ড তথা তারেক রহমান একদম সঠিক ছন্দে আছেন। তবে দেশের তীব্র গরমে এবং রাজনৈতিক উত্তাপে উনাকে নিয়মিত রাজপথের মিছিল এবং প্রেস ব্রিফিংয়ের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হলো। রক্তে তারেক রহমানের মাত্রা কমে গেলে যেকোনো সময় পলিটিক্যাল কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।

পঠিত ... ১ ঘন্টা ৪৫ মিনিট আগে

Top