ব্যাংক দখল শেখাতে এস আলমকে 'ওয়ার্কশপ' আয়োজনের আহবান জানালেন অন্যান্য দেশের দূর্নীতিবাজরা

১০ পঠিত ... ৩ ঘন্টা ০ মিনিট আগে

 


বিশ্বজুড়ে দুর্নীতিবাজদের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে বাংলাদেশের আলোচিত ব্যাংক দখল কাণ্ড। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে রাতারাতি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে কর্পোরেট ইতিহাসের অবিশ্বাস্য ম্যাজিক ট্রিক হিসেবে আখ্যা দিয়েছেন বিভিন্ন দেশের অর্থলুট বিশেষজ্ঞরা। ঘটনার পরপরই আন্তর্জাতিক দুর্নীতিবাজ ফেডারেশন (আইএফসি—International Federation of Corruption) জরুরি বৈঠক ডেকে এস আলমকে ব্যাংক দখল ও হজমবিদ্যা বিষয়ে একটি আন্তর্জাতিক ওয়ার্কশপ আয়োজনের অনুরোধ জানিয়েছে।

উগান্ডার এক ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে নিজের দেশে একটি মাঝারি মানের ব্যাংক খাওয়ার স্বপ্ন দেখে আসছেন, তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা এতদিন শুধু টেন্ডার খাওয়া, ব্রিজ খাওয়া, রাস্তা খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। কিন্তু পুরো ব্যাংক খেয়ে ফেলার মতো সাহস বা টেকনিক কোনোটাই ছিল না। এস আলম সাহেব দেখিয়ে দিলেন স্বপ্ন দেখলে সবই সম্ভব।

এদিকে নাইজেরিয়ার এক প্রভাবশালী দুর্নীতিবাজ নেতা দাবি করেছেন, এস আলমের কৌশল এখন হার্ভার্ড বিজনেস স্কুলেও পড়ানো উচিত। ব্যাংকিং সেক্টরে এত বড় ইনোভেশন আমরা আগে দেখিনি। লোকজন এতদিন ব্যাংক থেকে লোন নিতো, এখন দেখি পুরো ব্যাংকটাই নিয়ে যাচ্ছে। ব্যাংক খাওয়া যদি শিল্প হয়ে থাকে তাহলে এস আলম সাহেব এই শিল্পের পিকাসো।

১০ পঠিত ... ৩ ঘন্টা ০ মিনিট আগে

Top