যেকোনো অ্যাস্থেটিক ইভেন্টের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জায়গা গুলশানের আলোকি। সারাবছর ধরেই নানা হাই-প্রোফাইল ইভেন্ট এখানে হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার আলোকিতে আসতে যাচ্ছে গরুর হাট cow makers.
সত্যি কইছি বিশ্বাস কর ইভেন্ট প্ল্যানার আয়োজিত এই গরুর হাটে থাকছে নানারকমের গরু। এই ইভেন্ট প্ল্যানারের একজন অবিশ্বস্ত কর্মী আমাদেরকে জানান, স্টাইলিশ ও অ্যাস্থেটিক সব গরু পাওয়া যাবে এখানে নানা ডিজাইনে ও কালারে। থাকছে রিকশা পেইন্ট মোটিফ গরু ও ছাগল, এক কালারের মধ্যে পিংক, স্কাই ব্লু, ল্যাভেন্ডারসহ নানা কালারের গরু, ছাগল, ভেড়া, বাটিক প্রিন্টেড গরু, ছাগল ইত্যাদি। এছাড়া রয়েছে একটি ইন্টারন্যাশনাল স্টল যেখানে পাওয়া যাবে এস্থেটিক উট, দুম্বা ইত্যাদি।
আমাদের তিনি আরও জানান, হাটে স্টলের পাশাপাশি থাকবে কাউর্কা ফ্যাশান উইক। যেখানে সপ্তাহব্যপী চলবে গরুদের ফ্যাশান শো। সারাবিশ্বের নাম করা সব ফ্যাশান ডিজাইনাদের ডিজাইন করা গরুদের জামা, জুতা, মালা, শিঙের কভার, সানগ্লাস ইত্যাদি প্রদর্শিত হবে। এই ফ্যাশান শোতে মডেল হিসেবে থাকবে ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, নেইমার, বাদশাসহ হাই প্রোফাইল নাম করা গরুর হাটের তারকারা।
এছাড়া থাকবে হাম্বা মিউজিক সন্ধ্যা, ম্যা ম্যা কবিতার আসর, বুল নৃত্য পরিবেশনা, ধাওয়া পালটা ধাওয়া ইভেন্ট,৩৬০ ডিগ্রী ফটোশ্যুট ইত্যাদি। দর্শনার্থীরা হাটে আসার দুইদিন আগে অনলাইনে টিকেট কেটে রাখতে পারবেন। এছাড়া সরাসরি এসে স্বল্পমূল্যে টিকিটের বিনিময়ে হাটে ঢুকতে পারবেন।


