সব রাজাকারের বাচ্চারা আন্দোলন করতেছে: ফ্রান্সের চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গে মাখোঁ

৪৭ পঠিত ০ ... ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে

 

ফ্রান্সে শিক্ষাখাতে বাজেট ছাঁটাই, শিক্ষক সংকট, দীর্ঘ ও অতিরিক্ত ক্লাস, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং নানা অনিয়মের প্রতিবাদে কয়েক দিন ধরে রাজপথে অবস্থান করছে শিক্ষার্থীরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে মোটেও স্বাভাবিক ছাত্র আন্দোলন হিসেবে দেখছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

আমাদের সঙ্গে এক বিশেষ ভিডিও কলে তিনি দাবি করেন, এরা সাধারণ ছাত্র না। সব রাজাকারের বাচ্চারা আন্দোলন করতেছে।

মাখোঁর এমন গুরুত্বপূর্ণ আবিষ্কারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ফ্রান্সে রাজাকার এলো কোত্থেকে? প্রশ্নটি করতেই প্রেসিডেন্ট কিছুক্ষণ নীরব থেকে জানালার বাইরে তাকিয়ে থাকেন। এরপর বলেন, এই প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব না। তদন্ত চলছে। তবে তদন্ত কোথায় চলছে… ফ্রান্সে? বাংলাদেশে? নাকি মাখোঁর মাথার ভেতরে, তা পরিষ্কার করেননি তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুমে চেয়ার নেই, শিক্ষক নেই, বাজেট নেই। মাখোঁর পাল্টা অভিযোগ, দেশে সবকিছু ছিল। সুন্দর ছিল। সাজানো-গোছানো ছিল। এরা এসে আমার সাজানো-গোছানো ফ্রান্সটাকে নষ্ট করে দিল।

একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে মাখোঁ বলেন, এর আগে আমার আপার সাথেও এমন হয়েছে। তবে ‘আপা’ বলতে কাকে বোঝানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ফ্রান্সের ইতিহাসবিদরা মাখোঁর বক্তব্য শুনে হতবাক। তাদের দাবি, ফ্রান্সের ইতিহাসে ‘রাজাকার’ নামে কোনো ঐতিহাসিক শ্রেণির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একজন ইতিহাসবিদ বলেন, আমরা ফরাসি বিপ্লব, নেপোলিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব পড়েছি। কিন্তু ফ্রান্সের রাজাকার সম্পর্কে আজই প্রথম শুনলাম।

তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইতিহাসবিদদের এই বক্তব্যকে ‘ভুল তথ্য’ হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট যা বলেছেন, সেটাই সত্য।

৪৭ পঠিত ০ ... ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে

Top ​