অবসরের পর মেসিকে অধ্যাপক উপাধি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

২০ পঠিত ০ ... ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে

অবসরের পর এবার লিওনেল মেসিকে অধ্যাপক উপাধি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রশ্ন আসতে পারে মেসির সাথে অধ্যাপক উপাধির সম্পর্কটাই বা কী? আর এখানে জামায়াতে ইসলামীই বা কোথা থেকে আসলো? এসবের ‍উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে যে মেসির ফুটবল ক্যারিয়ার, গোলসংখ্যা কিংবা ব্যালন ডি’অর- কোনোটির সঙ্গেই এই অধ্যাপক উপাধির সম্পর্ক নেই। মূল কারণ হলো নামের সঙ্গে অধ্যাপক থাকলেই চলে! অধ্যাপক, নিজের নাম, তারপর দলের নাম- এভাবে পরিচয় দেওয়ার ব্যাপারটাই অন্যরকম! আর দলটির অনেকের নামের সঙ্গে অধ্যাপক শব্দটি এমনভাবে ব্যবহার করা হয় যে অধ্যাপক না হলেও অধ্যাপক, অধ্যাপক হলেও অধ্যাপক। সেই ধারাবাহিকতায় মেসি বাস্তবে অধ্যাপনা না করে থাকলেও অবসরের পর তার নামের আগে অধ্যাপক বসাতে কোনো সমস্যা দেখছে না দলটি। এখানেই শেষ নয়। অধ্যাপক উপাধি দেওয়ার পর মেসিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি দলে যোগ দিলে তার নাম যেভাবে আরও সুন্দর শোনাবে, অধ্যাপক লিওনেল মেসি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এরকম।

তবে দলে যোগ দেওয়ার রাজনীতিতে তার যোগদান দিয়েও কানাঘুষা চলছে। ঢাকার কোনো আসন  থেকে তিনি আগামী নির্বাচনে লড়বেন কীনা, লড়লে কোন আসন থেকে সে বিষয়ে বিস্তর গবেষণা চলছে। তাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাদা-কালো পোস্টারে দেখতে মুখিয়ে আছে একাংশ।  পুরো রাস্তা মেসির ছবি আর ব্যানারে ছেয়ে আছে- এসব ভেবে তাদের উত্তেজনার পারদ যেন তুঙ্গে। আর্জেন্টিনার ভক্তরা ছাড়াও আপামর ফুটবলপ্রেমীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বেশ স্বতস্ফূর্তভাবেই বাংলাদেশের মানুষ মেসির অধ্যাপক হওয়ার বিষয়টিকে গ্রহণ করে নিয়েছে। আর মেসির মতো বিশ্বতারকাকে অধ্যাপক হিসেবে নিজেদের দলে ভিড়িয়ে জামায়াত সমর্থকদের মাটিতে যেন পা পড়ছে না! তাদের খুশি দেখে মনে হচ্ছে যেন পাকিস্তান ভাঙার বেদনা থেকে অবশেষে, ইংরেজিতে যাকে বলে মুভ অন করতে পেরেছে।

এদিকে মেসির মতো বিশ্বতারকার বাংলাদেশে অধ্যাপক হিসেবে রাজনীতিতে যোগ দেওয়ার খবরে সারা পৃথিবীতে পড়ে গেছে হইচই। পশ্চিমা দেশগুলো রীতিমতো নড়েচড়ে বসেছে এই খবরে। এভাবে  পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিজেদের দিকে আনতে পারায় জামায়াতে ইসলামী ও বাংলাদেশের ব্র্যান্ড ইমেজও বাড়তে শুরু করেছে।

মেসির কাছে ভুয়া ভিডিও কলে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফুটবল ক্যারিয়ার, ব্যালন ডি’অর, গোলসংখ্যা, গোল্ডেন বুট, এল-ক্লাসিকোর সেইসব দিনগুলি- জামায়াতের অধ্যাপক উপাধির আগে এগুলো কিছুই না আসলে! আর মেসির এই খবর প্রকাশ হতেই আরো এক বিষয় দেখে সকলেই চমকে গেছে। রোকুজ্জে ভাবি এখন শাড়ি পরে বাঙালি সাজে রিলস বানাচ্ছেন। বাঙালি খাবার-দাবারে মজেছেন মেসিপত্নী; এমন শিরোনামে দু চারটা খবরও প্রকাশ হয়ে গেছে।

সব মিলিয়ে মেসির অধ্যাপক বনে যাওয়া তার ফুটবল ক্যারিয়ারকে ছাপিয়ে এখন পর্যন্ত তার জীবনে নেওয়া সবচেয়ে সেরা সিদ্ধান্ত। রাজনীতিতে সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তাকে দেখা যায় কীকি না সেটিই এখন দেখবার বিষয়।

২০ পঠিত ০ ... ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে

Top ​