বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। হারের কারণ হিসেবে কেউ বলছেন ইয়ামালের জাদু, কেউ বলছেন কৌশলগত ভুল। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মনে করছেন, আসল সমস্যা ছিল প্রশ্নপত্রে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ইয়ামালকে নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম। ওর ড্রিবল, পাসিং, মুভমেন্ট সব মুখস্থ ছিল। কিন্তু রেফারিই কমন পড়ে নাই। এখন বলেন, ছাত্রের দোষ কোথায়?
আর্জেন্টিনা দলের ঘনিষ্ঠ সূত্র জানায়, ম্যাচের আগে খেলোয়াড়দের জন্য ৩০০ পাতার একটি 'ইয়ামাল সাজেশন' বানানো হয়েছিল। সেখানে সম্ভাব্য সব প্রশ্নের উত্তর ছিল। তবে রেফারি যে পুরো সিলেবাসের বাইরের প্রশ্ন করবেন, তা কেউ কল্পনাও করেনি। এদিকে স্কালোনির ‘এত টাকা খরচ করে কী লাভ হলো যদি মনমতো রেফারিং না পাই’ মন্তব্যের পর ফুটবল বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। এক বিশ্লেষক বলেন, আগে ক্লাবগুলো খেলোয়াড় কিনত, এখন মনে হচ্ছে রেফারি-ফ্রেন্ডলি প্যাকেজও কিনতে হবে।
অন্যদিকে বিভিন্ন কোচিং সেন্টার ইতোমধ্যে ‘বিশ্বকাপ রেফারি কমন ব্যাচ’ চালুর ঘোষণা দিয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, গত ১০ বিশ্বকাপের বাঁশি বিশ্লেষণ করে সম্ভাব্য ফাউল, হলুদ কার্ড ও অফসাইডের সাজেশন দেওয়া হবে। সবশেষে জানা গেছে, ফিফার কাছে আর্জেন্টিনার একমাত্র দাবি পরের বিশ্বকাপে ম্যাচের ২৪ ঘণ্টা আগে অন্তত রেফারির মডেল টেস্ট প্রকাশ করতে হবে। নইলে এত পড়াশোনা করে আবারও ‘কমন না পড়ার’ ঝুঁকি থেকে যাবে।


