সকাল সকাল এক ফোন কলে ইলন মাস্কের ঘুম হারাম হয়ে গেছে। এককালীন এক বিলিয়ন ডলার এবং প্রতি মাসে লাভের ২০ শতাংশ না দিলে স্টারলিংক, স্পেসএক্স, টেসলাসহ সব ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ডেভিড ইমন। প্রথমে মাস্ক ভেবেছিলেন, বাংলাদেশ থেকে নিশ্চয়ই কেউ স্টারলিংকের লাইসেন্স নিয়ে কথা বলতে ফোন করেছে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই বুঝলেন, বিষয়টা লাইসেন্সের নয়, এবার সরাসরি ব্যবসার মালিকানা নিয়েই আলোচনা চলছে। এক ফেইক টুইটে মাস্ক পরে লিখেছেন, ১৭ বছর ধরে তিলে তিলে ব্যবসা গড়েছি। এখন শুনছি ব্যবসা আর আমার থাকবে না, পোলাপাইনের হয়ে যাবে।
মাস্কের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, সকালে কফির মগ হাতে বসে থাকা অবস্থায় এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে গর্জে উঠে বলতে থাকে, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি হয়তো আমারে চিনেন না, কিন্তু আমি আপনারে চিনি। ব্যবসা-বাণিজ্য এখন থেকে আমরা করমু। আপনি আর ব্যবসা করবেন না। জেফ বেজোসের কী হইছে খবর নেন। আপনাকে দুই দিন টাইম দিলাম। ব্যবসা গুছায় ফেলেন। ১৭-১৮ বছর তো করছেন, আর কত করবেন? এবার আমাদের পোলাপাইন ব্যবসা করবে। এতক্ষণেও মাস্ক বুঝতে পারছিলেন না ঠিক কিসের মধ্যে ফেঁসে গেলেন হঠাৎ করে।
হতবাক মাস্ক তখন খুব ভদ্রভাবে জানতে চান, আমার ওপর এত রাগ কেন? উত্তরে ডেভিড ইমন বলেন, রাগ না। আপনারা ১৭-১৮ বছর ব্যবসা করছেন। আমরা ৫ আগস্টের পর থেকে রাষ্ট্র, মার্ডার মামলা নিয়ে ঘুরতেছি। আপনার কয়টা মার্ডার মামলা আছে? মাস্ক এরপর যুক্তি দেখিয়ে বলেন, আমি তো একা ব্যবসা করি না। সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, মার্ক জাকারবার্গ, আরও তো অনেকেই ব্যবসা করছে। জবাবে ইমন তাকে আশ্বস্ত করে বলেন, ওরা সবাই আমাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করতেছে। শুধু আপনি বাকি। আমার পোলাপাইন আগেও কল দিছে, আপনি ফোনই ধরেন নাই।
এরপর শুরু হয় সমন্বয়ের শর্ত। ডেভিড ইমন জানান, আপনি যদি ব্যবসা করেন, এক বিলিয়ন ডলার রেডি রাখবেন, আর প্রতি মাসে লাভের ২০ শতাংশ দিবেন। তাহলে সমস্যা নাই। না হলে ব্যবসা কইরেন না। ব্যবসা আমরা করমু, পোলাপাইন করবো। আমরা তো আর মানুষ থেইকা চাঁদাবাজি করতে পারবো না, ব্যবসা কইরাই পোলাপাইন চালাইতে হবে। মাস্ক তখন কাঁপা গলায় বলেন, আমারও তো কিছু লাভ থাকতে হবে ভাই। জবাবে ওপাশ থেকে জানিয়ে দেন, "আপনার কয়টা কোম্পানি, কয়টা রকেট, কয়টা স্যাটেলাইট, সব আমার জানা আছে। বায়োডাটা না জেনে আমি কাউরে কল দেই না।
পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন মাস্ক জানতে চান, আপনি ফোন করেই যদি বলেন ব্যবসা করতে পারবো না, তাহলে আপনার সঙ্গে সমন্বয় করবো কীভাবে?" ডেভিড ইমন তখন তাকে বুঝিয়ে বলেন, "সমন্বয় করলে ব্যবসা করতে পারবেন, না করলে পারবেন না। আপনারে দুই দিন টাইম দিলাম। দুই দিন পরে যদি দেখি ব্যবসা গুছান নাই, তখন কী হবে সেটা সময় হলে বুঝবেন। এদিকে মাস্কের আইনজীবীরা নাকি এতক্ষণে বাংলাদেশে সমন্বয় শব্দের আইনি সংজ্ঞা খুঁজতে বসেছেন, কিন্তু অভিধানেও এর এমন ব্যবহার খুঁজে পাননি।
ঘটনার পর থেকেই সিলিকন ভ্যালির শীর্ষ ধনকুবেরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বিল গেটস নিজের ফোনে অচেনা বাংলাদেশের নম্বর দেখলেই সঙ্গে সঙ্গে ব্লক করে দিচ্ছেন, মার্ক জাকারবার্গ ট্রুকলার প্রিমিয়াম কিনেছেন, আর স্যাম অল্টম্যান নাকি চ্যাটজিপিটিকে নতুন একটি প্রশ্ন করেছেন, "বাংলাদেশি ভাষায় সমন্বয় করে ব্যবসা বলতে ঠিক কী বোঝায়? অন্যদিকে ইলন মাস্ক নাকি টেসলার বোর্ড মিটিংয়ে প্রথমবারের মতো স্বীকার করেছেন, "মঙ্গল গ্রহে কলোনি বানানো যত কঠিনই হোক, দুই দিন সময় নিয়ে ব্যবসা গুটিয়ে ফেলে মঙ্গলেই চলে যেতে হবে, নাহলে কোম্পানি রক্ষা করা সম্ভব হবে না।


