২৪ ঘণ্টা গরু-মনিটরিংকে ইন্টার্নশিপ হিসেবে নিজেদের সিভিতে তুলতে চায় বাড়ির ছোট ছেলেরা

পঠিত ... ১ ঘন্টা ৫৫ মিনিট আগে

 

কোরবানির ঈদে গরু কিনতে হাটে যাওয়ার মাধ্যমে যে চাকরির শুরু, সেটার একটা বড় অংশ হলো কোরবানি হওয়ার আগ পর্যন্ত ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা। এই মনিটরিং সার্ভিস মূলত ঘরের ছোট ছেলেরাই দেয়। আর ভবিষ্যতে চাকরির বাজারে এগিয়ে থাকার জন্য তারা এই ইন্টার্নশিপকে নিজেদের সিভিতে যোগ করতে চায় বলে দাবি তুলেছে।

গরুকে ঘাস দেওয়া, পানি খাওয়ানো, কয়েল শেষ হয়ে গেলে নতুন কয়েল লাগিয়ে দেওয়া থেকে শুরু করে মোটামুটি ২৪ ঘণ্টা ভিআইপি ট্রিটমেন্টে রাখার যে অভিজ্ঞতা হচ্ছে, সেটা অনেকটাই বইয়ের ফাঁকে ধুলার মতো পড়ে থাকে; কারও নজরে আসে না। এমনটাই অভিযোগ ছোট ছেলে সমাজের।

বসিলার এক বাড়ির ছোট ছেলে জানিয়েছেন, এই কোরবানিতে কম দামে গরু পাবেন বলে তার বাবা ২০ দিন আগেই গরু কিনে ফেলেছেন। এখন পুরো ২০ দিন ধরেই তার সেবা করতে হচ্ছে।

বাসার গরু মনিটর করতে গিয়ে ছোট ছেলেদের আরও বিভিন্ন দিকে স্কিল গ্রো করছে বলেও মনে করেন তারা। চোর আসল কি না, গরু ঠিকমতো পানি খাচ্ছে কি না, আগের চেয়ে বেশি হাম্বা হাম্বা করছে কি না,  এসব ভাবনাও মাথায় আসছে। বিচক্ষণ যারা আছে, তারা নিজেদের সিভিতে চাইলে Good Observation Skill, Good Animal Handling, Night Shift Management Skillসহ আরও অনেক কিছু যোগ করতে পারবেন।

মোহাম্মদপুরের এক চাকরিপ্রার্থী ছোট ছেলে জানান, তিনি ইতোমধ্যে নিজের সিভিতে লিখেছেন, Conducted 24/7 livestock surveillance operations under extreme humidity conditions. এছাড়া কয়েকজন দূরদর্শী ছোট ছেলে LinkedIn-এ Junior Bovine Operations Executive হিসেবেও নিজেদের পরিচয় দেওয়া শুরু করেছে।

বিভিন্ন বাসার বাবাদের সঙ্গে eআরকি টিমের সদস্যরা সরাসরি এ বিষয়ে কথা বলতে গেলে তারা জানান, বিষয়টি ভেবে দেখবেন। যদি মনে করেন সত্যিই পারফরম্যান্স ভালো হয়েছে, তাহলে পরেরবার থেকে নিজেরাই ১০টা গরু কিনে খামার দেওয়া যায় কি না ভাবছেন। শুধু শুধু সিভিতে এসব না রেখে পুরোপুরি স্টেবল জব অফার করতে চান তারা।

পঠিত ... ১ ঘন্টা ৫৫ মিনিট আগে

Top