বাংলায় ১২ মাসের নাম সঠিকভাবে শেখাতে ‘ফাইভ মিনিট স্কুল’-এর নতুন কোর্স শুরু

৪৩ পঠিত ... ১০ ঘন্টা ১২ মিনিট আগে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদের বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে তালগোল পাকানোর ঘটনায় নড়েচড়ে বসেছে শিক্ষানুরাগী সমাজ। ডাকসু নেতার এই কালজয়ী স্মৃতিভ্রম থেকে জাতিকে রক্ষা করতে এবং বিশেষ করে সাংস্কৃতিক পদধারী ব্যক্তিদের মানরক্ষা করতে  ফাইভ মিনিট স্কুল বাজারে এনেছে এক অভিনব কোর্স।

কোর্সের নাম: মাস-কা-বার: ১২ মাসে বছর এবং ক-এ কলা

জানা গেছে, এই কোর্সে কেবল ১২ মাসের নাম ধারাবাহিকভাবে শেখানো হবে না, বরং সাথে থাকছে বোনাস হিসেবে ক  থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণমালার শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ। পহেলা বৈশাখের এক আলাপচারিতায় মোসাদ্দেক সাহেবের আষাঢ়-জ্যৈষ্ঠ-পৌষ-মাঘ ঘরানার জগাখিচুড়ি পারফরম্যান্সের পর এই কোর্সের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিল।

যা থাকছে এই বিশেষ কোর্সে:

অডিও-ভিজ্যুয়াল লার্নিং: যাতে শিক্ষার্থীরা জ্যৈষ্ঠ আর ভাদ্রর মাঝখানে তৈল মিশিয়ে না ফেলে।

মেমোরি টাস্ক পর পর তিনটি মাসের নাম বলতে পারলে মিলবে সাংস্কৃতিক বিশেষজ্ঞ সার্টিফিকেট। 

হাতেখড়ি সেশন: বড় বড় প্রবন্ধের রেফারেন্স দেওয়ার আগে অন্তত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চিনে রাখার কার্যকরী কৌশল।

মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ যখন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের দোহাই দিয়ে আধুনিক চাটুকারিতার ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন নেটিজেনরা বলছেন; ভাই, তেল দেওয়া তো বুঝলেন, কিন্তু বৈশাখের পরে যে জ্যৈষ্ঠ আসে, সেটা তো বুঝতে পারলেন না!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে তার অসংলগ্ন উত্তর দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, উনি তো মাসের নাম বলছেন না, মনে হচ্ছে লটারির ড্র দিচ্ছেন! যেকোনো একটা নাম লাগলেই হলো। 

ফাইভ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা জানান,আমরা দেখেছি বর্তমান সময়ে বড় বড় পদে থেকেও অনেকে প্রাথমিক জ্ঞান হারিয়ে ফেলছেন। বিশেষ করে যারা কৃষকের চোখের জল আর হাসি নিয়ে ভাবেন, তাদের পঞ্জিকাটা চেনা খুব জরুরি। তাই আমরা এই বিশেষ কোর্সটি লঞ্চ করেছি যাতে অন্তত ১২টা মাসের নাম বলতে কাউকে ১২টা হয়েছে? বলে দর্শকের দিকে তাকাতে না হয়।

এদিকে কোর্সটি চালুর খবরে বিশ্ববিদ্যালয় পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পরবর্তী কোর্সে কি এক থেকে একশ পর্যন্ত গণনা শেখানো হবে? কারণ যেভাবে তোষামোদ আর তৈল শিল্পের চর্চা বাড়ছে, তাতে অচিরেই মানুষ হয়তো সংখ্যাতত্ত্বও ভুলে কেবল জি হুজুর বলাটাই মনে রাখবে।

৪৩ পঠিত ... ১০ ঘন্টা ১২ মিনিট আগে

Top