দেশে তামিম ইকবাল, আমিনুল হক থাকার পরেও তেলের সংকট হওয়ায় হতাশ তামিম ভক্তরা

২৫ পঠিত ... ১ ঘন্টা ৫৩ মিনিট আগে

দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের খবর ছড়িয়ে পড়তেই গভীর হতাশায় ডুবে গেছেন ক্রিকেটার তামিম এবং সাবেক ফুটবলার কাম বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হকের ভক্তরা। তাদের দাবি, দেশে এমন ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও তেলের এমন ঘাটতি হওয়া একপ্রকার জাতীয় ব্যর্থতা।

রাজধানীর এক ক্ষুব্ধ ভক্ত জানান, আমরা তো উনাদের দেখে এতদিন নিশ্চিন্ত ছিলাম। ভাবছিলাম, দেশে গ্যাস শেষ হতে পারে, বিদ্যুৎ শেষ হতে পারে, কিন্তু তেল কখনও শেষ হবে না। এখন তো দেখছি আমাদের লাভ-লস নাই, লাইফটাই লস।

আরেক ভক্ত আবার প্রস্তাব দিয়েছেন, জরুরি ভিত্তিতে তেলবাজি মন্ত্রণালয় গঠন করা হোক। তার ভাষায়, দেশে এত দক্ষ তেলবাজ আছে, তাদের সঠিক ব্যবস্থাপনা না করায় আজ এই অবস্থা। যদি আগে থেকেই স্ট্র্যাটেজিক তেলবাজি রিজার্ভ গড়ে তোলা হতো, তাহলে আজ আমাদের এমন দিন দেখতে হতো না।

এদিকে বিশেষজ্ঞরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। এক স্বঘোষিত জ্বালানি বিশ্লেষক বলেন, আমরা এতদিন ভুল করে ভূগর্ভে তেল খুঁজেছি। আসলে আমাদের খোঁজা উচিত ছিল অফিস-কোর্ট, রাজনৈতিক সভা আর টকশোতে। সেখানেই সবচেয়ে বড় তেলের ভাণ্ডার লুকিয়ে আছে। আর বিশেষ করে তামিম ভাই আর আমিনুলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে আমাদের তাদেরও কাজে লাগানো উচিত ছিল।

২৫ পঠিত ... ১ ঘন্টা ৫৩ মিনিট আগে

Top