শনিবার বিকেল সিনেমাটি বানিয়েছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। এক অবিশ্বস্ত গোপন সূত্রে জানা গিয়েছে এবার তার সিক্যুয়েল শনিবার সকালও হয়তো বানাতে চলেছেন তিনি। আর সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তারেক রহমান। এক অবিশ্বস্ত কিন্তু আত্মবিশ্বাসী গোপন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি শনিবার সকালে অফিস শুরু করার মধ্যেই নাকি সিনেমাটির মূল কনসেপ্ট খুঁজে পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী।
আপাতত প্রতি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রনাট্য লেখা শেষ হলে সিনেমার কাজে হাত দেবেন তিনি। তবে বড় প্রশ্ন, সিনেমাটিতে তারেক রহমান নিজে অভিনয় করবেন কি না? এ ব্যাপারে সরাসরি তারেক রহমানের তরফ থেকে কিছু জানা না গেলেও, তারেক রহমান নামে একটি ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে, আরে বাপরে শখের তো কমতি নাই, কাম কইরাই কুল পাই, অভিনয় করুম কখন? লেখা দুটি মিম পোস্ট করা হয়। পরে অবশ্য ফেক আইডিটি হ্যাক হয়েছে দাবি করা হয়।
ভক্তরা অবশ্য দাবি করেছেন একটু সাউথ ইন্ডিয়ান মাসালা স্টাইলে সিনেমাটি বানাতে পারলে মন্দ হবে না। রজনীকান্তের মতো তারেক রহমান হেঁটে যাচ্ছেন এবং পেছনের গরিবি সব গায়েব হয়ে যাচ্ছে এই সংক্রান্ত সিজি এবং দুটি আইটেম সং এবং কয়েকটি দৃশ্যে সাউথ ইন্ডিয়ান স্যাড বিজিএম রাখলেই সিনেমাটি সুপারহিট হবে বলে আশা করছেন বিশ্বের বাঘা বাঘা সিনেমা ক্রিটিকরা। তবে আর যাই হোক সিনেমাটি অন্তত যাতে মুক্তি দেওয়া হয় এবং কোনো এক শনিবার সকালেই মুক্তি দেওয়া হয় সে ব্যাপারে ফারুকী সাহেবের কাছে বিশেষ আবদার জানিয়েছেন ভক্তরা।


