ডেন্টিস্টদের ধন্যবাদ পেল এনসিপি। কিন্তু কেন?

১৪৭ পঠিত ... ১৮:১৯, জুলাই ১৬, ২০২৫

গত ১৫ জুলাই বরিশালে এনসিপির এক দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এক সমাবেশে তাদের পক্ষ থেকে বলা হয়, এনসিপির কোনো সাধারণ সদস্যকেও কেউ চোখ রাঙাকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এই বক্তব্য প্রকাশের পরপর‌ই  আনন্দে ফেটে পড়ে ডেন্টিস্টদের জাতীয় সংগঠন ‘দাঁতের যত্ন নিন!’  সংগঠনটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভাঙা দাঁতের চিকিৎসা করাতে আমার ব্যক্তি উদ্যোগে খোলা চেম্বারটিতে আপনাদের জন্য ৫০ শতাংশ ছাড় থাকবে।  এক দাঁত সাময়িক বা আংশিক ভাঙলে চিকিৎসা ফ্রি। দুই দাঁতে থাকবে বিশেষ যত্নের সাথে চিকিৎসা সাথে দুটো ব্রাশ ও বিশেষ আকর্ষণ এক্সট্রা ফ্রি দাঁত।

এদিকে ‘জাতীয় রাঙ্গা চক্ষু’ সংগঠন ডেন্টিস্টদের সাথে মিলিত হয়ে কাজের ইচ্ছা প্রকাশ করেছে।

এনসিপিকে বাহবা দিয়ে তারা জানায়, আমরা যন্ত্রপাতি নিয়ে রেডি আছি। আপনারা দাঁত ভাঙেন। ভাঙ্গার সাথে সাথে রিপ্লেস। দরকার হইলে দাঁত প্রতি আপনাদের দলকে আমরা কমিশনও দিব।

‘চোখ লাল করার সেরা ১০টি উপায়’ ব‌ইয়ের রেফারেন্স টেনে সংগঠনটি দাবী করে, এই সেরা ১০টি উপায় অবলম্বন করে চোখ রাঙালে আপনি দাঁত ভাঙা জবাব পাবেন‌ই, আর তখন‌ই আসবে নতুন দাঁত একদম ফ্রী! সুতরাং আপনারা আপনার এনসিপি দেখলে বেশি বেশি চোখ রাঙান।

এক মুরুব্বি ডেন্টিস্ট এনসিপির সাথে একাত্মতা ঘোষণা করে জানান, আমাদের এই সংগঠনের জন্ম হাসপাতালে হয়নি, হয়েছে দাঁত ব্যথায়, দাঁত ভাঙায়, দাঁতের পোকায়।

কাজেই যেকোনো ধরনের ভাঙ্গা দাঁতের জবাব আমরা দিতে প্রস্তুত আছি। এক্ষেত্রে রুট ক্যানেল করিয়ে আমরা ক্যাপ না, পরাবো হেলমেট।

১৪৭ পঠিত ... ১৮:১৯, জুলাই ১৬, ২০২৫

Top