এই বছর শপিংমলের ট্রায়ালের লাইনে দাঁড়িয়ে প্রেম হয়েছে ৩৬টি যুগলের, ঈদ পর্যন্ত আরও বাড়ার আশা

১০ পঠিত ... ২ ঘন্টা ১২ মিনিট আগে

এই বছর ঈদের কেনাকাটার ধকল আর ভিড় ছাপিয়ে এক নতুন ট্রেন্ডে মেতেছে সারাদেশ। সিরাজগঞ্জের নিউ মার্কেট থেকে শুরু করে ঢাকা যমুনা ফিউচার পার্ক, নামকরা সব শপিংমলের ট্রায়াল রুমের সামনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এ পর্যন্ত ৩৬টি যুগলের প্রেমের যাত্রা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাইনে দাঁড়িয়ে থাকা ঘণ্টার পর ঘণ্টার সময়টা এখন আর বিরক্তির নয়, বরং সিঙ্গেলদের জন্য মোক্ষম সুযোগ।

নিউ মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা পার্ক, সবখানেই একই চিত্র। পছন্দের পাঞ্জাবি বা শাড়ি ট্রায়াল দিতে গিয়ে যে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে স্মার্টফোন টিপতে টিপতে পাশের জনের সঙ্গে আলাপ জমাচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী।

‘ভাই, এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম,’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী প্রেমিক জানান। ‘আমার সামনের মেয়েটা যখন বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, “এই লাইন কি অনন্তকাল চলবে?”, আমি তখন আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, যতক্ষণ চলুক, আমি আপনার পাশে আছি।’ ব্যাস, তারপরই কফি ডেট, আর এখন আমরা দুজনে ঈদের কেনাকাটা করছি।’

পরিস্থিতি সামাল দিতে কিছু শপিংমল কর্তৃপক্ষ নতুন অ্যাপ চালু করার কথা ভাবছে। যেখানে ট্রায়াল লাইনের চ্যাট অপশনের মাধ্যমে লাইনে দাঁড়ানো মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হতে পারবে। কর্তৃপক্ষ মনে করছে, ঈদ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে। তাদের লক্ষ্যমাত্রা অন্তত ১০০ যুগল।

সমাজবিজ্ঞানীরা এই ট্রেন্ডকে মডার্ন ম্যারেজ মার্কেট হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ বলেন, আগে মানুষ পার্কে বা লাইব্রেরিতে প্রেম করত। এখনকার ব্যস্ত জীবনে যখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়, তখন মানুষের সঙ্গে পরিচয় হওয়াটাই স্বাভাবিক। এটাকে আমি বলছি ট্রায়াল-বেজড রিলেশনশিপ। তাছাড়া একবিংশ শতাব্দীর এই ব্যস্ত সময়ে প্রেমের জন্য আলাদা সময় বের করাও কঠিন। তাই ট্রায়াল লাইনের ফ্রি সময়টাকে কাজে লাগানো দরকার।

তবে বিপত্তিও আছে। অনেকে অভিযোগ করছেন, ট্রায়াল রুমের সামনে লাইন না এগিয়ে মানুষ গল্প করতে করতে লাইন জ্যাম করে ফেলছে। কেউ কেউ আবার পছন্দের কাপড় না কিনলেও শুধু আড্ডা দেওয়ার জন্য বারবার লাইনে দাঁড়িয়ে থাকছেন।

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। শপিংমলগুলোতে কেনাকাটার ভিড় বাড়ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাইনের প্রেম। এখন দেখার বিষয়, ঈদ শেষে এই ৩৬টি জুটি টিকে থাকে কি না, নাকি ঈদের পর ট্রায়াল রুমের মতো এদের সম্পর্কেরও ফিটিং নষ্ট হয়ে যায়!

১০ পঠিত ... ২ ঘন্টা ১২ মিনিট আগে

Top