চৌকাঠের কালার পছন্দ না হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজি হলেন না গুলশানের সুমাইয়া

২৬ পঠিত ... ৬ ঘন্টা ৩০ মিনিট আগে

 

এমন নারীকে বিয়ে করুন, যে ঘরের চৌকাঠ পার হতে গেলেও আপনার অনুমতি চাইবে—এমন একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। নিমেষেই ছড়িয়ে পড়া এই পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মাঝে আমরা খবর পেলাম, গুলশানের সুমাইয়া নামের এক তরুণী চৌকাঠ-সংক্রান্ত জটিলতায় সদ্য পাওয়া কড়কড়ে এক বিয়ের প্রস্তাব রিজেক্ট করেছেন!

সরেজমিনে তার সাক্ষাৎকার নিতে আমাদের এক প্রতিনিধি তার বাসায় যান। গিয়ে দেখা যায়, তিনি বেশ দুঃখী মুখে বসে আছেন। কীভাবে কী হয়েছে জানতে চাইলে সুমাইয়া জানান, কিছুদিন ধরেই একজন ছেলেকে তার বেশ ভালো লাগত। সেই ছেলেটিও তাকে পছন্দ করত। গতকাল ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু যখন তিনি ছেলেটির ঘরের চৌকাঠ দেখলেন, তখনই তার হৃদয়টা ভেঙে হাজার টুকরো হয়ে গেল। কারণ, সেই চৌকাঠের রং ছিল কালো। অথচ সুমাইয়ার প্রিয় রং পিংক!

কান্নাভেজা কণ্ঠে এই তরুণী আরও বলেন, ফেসবুকে তো সবাই বলছে, বিয়ের পর নাকি চৌকাঠ পার হতে গেলেও বরের পারমিশন লাগবে। এখন যে জিনিসটা পার হতে গেলে আমাকে প্রতিদিন পারমিশন নিতে হবে, সেটার রং যদি আমার পছন্দের না হয়, তাহলে আমি সেখানে যাব কী করে? আমি ওকে অনুরোধ করেছিলাম চৌকাঠের রংটা বদলে পিংক করে দিতে। কিন্তু ও উল্টো রেগে গেল, রং পরিবর্তন করতেও রাজি হলো না! যে ছেলে বিয়ের আগেই আমার এইটুকু শখ পূরণ করতে পারে না, তার কালো চৌকাঠ পার হয়ে আমি সুখে থাকব কীভাবে? তাই প্রস্তাবটাই রিজেক্ট করে দিয়েছি।

২৬ পঠিত ... ৬ ঘন্টা ৩০ মিনিট আগে

Top