উদয় চোপড়ায় হতাশ, উদয় রহমানকে চায় যশরাজ ফিল্মস

১১২ পঠিত ... ১৭:৩৭, জুলাই ১১, ২০২৬

যশরাজের ব্যানারে নির্মিত স্পাই ইউনিভার্সের সর্বশেষ সিনেমা ছিল–আলফা। সিনেমা মুক্তির পরপর‌ই ‘স্পাইলাভার’দের রোষানলে পড়ে যশফিল্ম। কিন্তু কেন? উদয় চোপড়ার এই গল্প তাদের পছন্দ হয়নি। এই সিনেমায় না আছে চৌধুরী সাহেব, না আছে ‘আইন নিজের হাতে তুলে নেবেন না’। সিনেমায় যে যেখানে যেভাবে পারছে আইন হাতে, কোমরে তুলে নিচ্ছে।

এ ব্যাপারে যশরাজের চেয়ারম্যান আদিত্য চোপড়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ও আমাদের গুষ্টির কলঙ্ক! একটা গল্প‌ও ঠিকঠাক লিখতে পারে নাই। কত করে বললাম কিছু বাংলা সিনেমার কাটপিস মেরে দিতে, দিল না। আস্ত বেকুব!

ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়ে যায় উদয় রহমানের গল্প, ‘সুর’। মুহূর্তেই ভাইরাল। লেখাটি নজর এড়ায়নি আদিত্য চোপড়ার‌ও। তিনি ইতোমধ্যেই ঘোষণা করেছেন, উদয় চোপড়াকে ছোটবেলায় আলুর বস্তায় কুড়িয়ে পেয়েছিলেন তারা, উদয় রহমান‌ই তার হারিয়ে যাওয়া ভাই। যশরাজের পরের সিনেমাগুলোর গল্প উদয়ের হাতেই উঠবে।

তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘সুর’ গল্প নিয়েও আমরা সিনেমা করতে যাচ্ছি। দাদার চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন, নাতনী হবেন আলিয়া ভাট। রিকশার চরিত্রে থাকবে ঢাকার টেসলা। 

এ ব্যাপারে অবশ্য নাখোস উদয় চোপড়া‌। তার মন্তব্য জানতে আমরা ওনার বাসার সামনে গিয়েছিলাম। কিন্তু তিনি ‘ধুম-৪ এ তোদের দেখে নেব’ বলে ভেংচি কেটে জানালা বন্ধ করে দেন।

 

১১২ পঠিত ... ১৭:৩৭, জুলাই ১১, ২০২৬

Top