আমার গানটা ব্রাজিলকে ডেডিকেট করলাম: নার্গিস

৭৩ পঠিত ... ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে

16 (17)

 

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি সমর্থকেরা। কেউ ফেসবুকের কভার ছবি কালো করেছেন, কেউ আবার ‘এইবারই শেষ, আর ব্রাজিল সাপোর্ট করব না’ শিরোনামে আবেগঘন পোস্ট দিয়ে চার বছর আগের পোস্টটাই শুধু কপি-পেস্ট করেছেন। এরই মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে এসেছে এক যুগান্তকারী ঘোষণা। জনপ্রিয় শিল্পী নার্গিস তাঁর বহুল আলোচিত গান ‘আর যাবো না বেগুন তুলিতে’ ব্রাজিল জাতীয় ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে ডেডিকেট করেছেন।

ঘোষণার কারণ জানতে ফোন করা হলে নার্গিস আপাকে পাওয়া যায় বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। তিনি বলেন, আমি নিজেও একজন ব্রাজিল ফ্যান। কাল রাতে অন্য ফ্যানদের মতো আমিও কষ্ট পেয়েছি। ব্রাজিল সাপোর্ট করাটা আমাদের জন্য আসলে বেগুন তুলতে যাওয়ার মতো হয়ে গেছে। প্রতিবার বিশ্বকাপ এলেই যে বেগুন আমরা তুলতে যাই, ইউরোপিয়ান টিমগুলো ধরে নিয়ে গিয়ে সেই বেগুন আমাদের থলিতে ভরে দেয়। সত্যি বলতে, ভেবে দেখলাম আমার এই বিখ্যাত গানটা আসলে ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্সেরই একটি মেটাফোরিক রূপ। তাই গানটাকে ব্রাজিলের উদ্দেশে ডেডিকেট করে দিলাম।

নার্গিসের দাবি, এতদিন মানুষ তার গানকে ভুল বুঝেছে। অনেকে ভেবেছে এটা কৃষিভিত্তিক গান। আসলে এটা ব্রাজিল ফ্যানদের মানসিক অবস্থার ওপর লেখা। তখন বুঝিনি, পরে বুঝলাম আমি আসলে ভবিষ্যদ্বাণীই করে ফেলেছিলাম।

এদিকে ব্রাজিল সমর্থকদের একটি অংশ দাবি তুলেছে, আগামী বিশ্বকাপের আগে দলের অফিসিয়াল অনুপ্রেরণামূলক সংগীত হিসেবে ‘আর যাবো না বেগুন তুলিতে’ বাজানো হোক। যদিও অভিজ্ঞ সমর্থকদের মতে, গানটি ম্যাচের আগে না বাজিয়ে বিদায়ের পর বাজানোই বেশি বাস্তবসম্মত।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকেরা জানিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে তাঁদের কয়েকজনকে বাজার থেকে অতিরিক্ত বেগুন কিনে বাসায় ফিরতে দেখা গেছে।

সবশেষে নার্গিস বলেন, আমি শুধু একটা অনুরোধ করব। আগামী বিশ্বকাপের আগে কেউ যদি আবার বলে, এইবার ব্রাজিল নিশ্চিত চ্যাম্পিয়ন, তাহলে আগে তাকে একটা বেগুনের থলি উপহার দিয়েন। কাজে লাগবে।

 

৭৩ পঠিত ... ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে

Top