২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ে বিজয়ী বিজয় থালাপতি, ওরফে জোসেফ বিজয় চন্দ্রশেখরকে নিয়ে ইতোমধ্যেই বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন বিখ্যাত দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। এক গোপন সূত্রে জানা গেছে, বিজয় থালাপতির জীবনচরিত নিয়ে নির্মিত চলচ্চিত্রে থালাপতি চরিত্রে অ্যাটলির প্রথম পছন্দ ছিলেন অক্ষয় কুমার। কিন্তু অক্ষয় কুমার নাকি নাসার আর্টেমিস-২ অভিযানের তিনজন পুরুষ ও একজন নারী, মোট চারজনের বায়োপিকেই শিডিউল দিয়ে রেখেছেন। উপায়ান্তর না পেয়ে পরিচালক বিজয় থালাপতিকেই দ্বিতীয় পছন্দ হিসেবে সিনেমায় নেওয়ার কথা ভাবছেন।
এ ব্যাপারে আমাদের প্রতিনিধি অ্যাটলির ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, বিজয় থালাপতির বায়োপিক চলচ্চিত্রের সম্ভাব্য নাম ভেত্রি। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই থালাপতিকে বায়োপিকে অভিনয়ের জন্য অনুরোধ করেছি এবং স্ক্রিপ্টও পাঠিয়েছি।
এদিকে থালাপতি চরিত্রে অভিনয়ের ব্যাপারে বিজয় থালাপতির মন্তব্য জানতে আমরা তাঁর সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনি বলেন, আমি স্ক্রিপ্ট পড়েছি। গল্প মোটামুটি ভালোই। শুনেছি এটা বায়োপিক; থালাপতির চরিত্রে অভিনয় করতে আমার খুব একটা আপত্তি নেই। তবে কিছু শর্ত আছে।
কী সেই শর্তাবলি? বেশ তোষামোদ করে জানা গেল সেই তথ্যও। থালাপতির বায়োপিকে তাঁর বিরোধী দল দ্রাবিড় মুনেত্র কাজগম-এর প্রধান এম. কে. স্ট্যালিন চরিত্রে তিনি এমন কাউকে চান, যিনি বিদেশি, যাঁর পূর্বে নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে এবং পাশাপাশি নাচেও দক্ষ। থালাপতি বিজয় শর্তারোপ করেছেন, তিনি জায়েদ খান এবং শুধুমাত্র জায়েদ খানকেই তাঁর সিনেমায় খলচরিত্রে চান। তা না হলে এই বায়োপিক তিনি করবেন না, নেরাগা সোল্লুভাধু, একদম সাফ কথা!
সর্বশেষ পরিস্থিতি বলছে, অ্যাটলির টিম জায়েদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে; কিন্তু নাচের অনুশীলনে ব্যস্ত থাকায় তিনি ফোন ধরার অবসরটুকুও পাচ্ছেন না!


