দেশের অর্থনৈতিক ইতিহাসে আবারও এক রোমান্টিক অধ্যায়ের সূচনা হয়েছে। বহুদিন পর পুরনো সম্পর্ক ঝালাই করতে যাচ্ছে এস আলম গ্রুপ। সূত্র জানায়, মোট ঋণের মাত্র ৭.৫% ফেরত দেওয়ার শর্তে ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার সম্ভাবনায় গ্রুপটির ভেতরে এখন ঈদের আগাম আমেজ।
অভ্যন্তরীণ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আসলে অনেকদিন ধরেই সরকারকে মিস করছিলাম। এতদিন দূরে ছিলাম, মনটা খারাপ ছিল। এখন আবার কাছাকাছি আসার সুযোগ পেয়ে আবেগ সামলাতে পারছি না, পাশাপাশি এক দফা লুটপাটের পর এবার আবার লুটপাটের সুযোগ পাওয়ায় একটু চুমু খেতে ইচ্ছা করতেই পারে।
জানা যায় নিজেদের ফেক টুইটার একাউন্ট থেকে জামাত আমিরের মতো, পিও সরকার, পিও অভিভাবক, আপনাকে চুমু চুমু চুমু লেখা একটি টুইট করা হয়। নতুন করে লুটপাটের সুযোগ পাওয়ার পর অনুভূমি কেমন জানতে চাইলে এস আলম গ্রুপের মুখপাত্র আমাদের বলেন, আগেরবার একটু অভিজ্ঞতার অভাব ছিল। এবার আমরা পুরো প্রস্তুত। হজমি, বোরহানি, এমনকি প্রয়োজন হলে ডাইজেস্টিভ বিস্কুটও রেডি আছে, যাতে আগের চেয়ে বেশি টাকা খেয়ে হজম করে ফেলতে পারি। আমাদের জন্য দোয়া করবেন।
অর্থনীতিবিদরাও বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। একজন বিশেষজ্ঞ মন্তব্য করেন, ৭.৫% ফেরত দিয়ে ১০০% মালিকানা ফিরে পাওয়া এটা আসলে আধুনিক যুগের ক্যাশব্যাক অফার। ভবিষ্যতে হয়তো বাই ওয়ান, গেট ওয়ান ব্যাংক ফ্রি অফারও দেখতে পারি।


