এত বেশি ওয়াক আউট করায় জাশি & ফ্রেন্ডসকে র‍্যাম্পে আহ্বান ফ্যাশন ইন্ডাস্ট্রির

২৮ পঠিত ... ১৭:২৭, এপ্রিল ১১, ২০২৬

সংসদ অধিবেশন শুরু হওয়ার পর ইতোমধ্যে ৪ বার ওয়াক আউট করে ফেলেছে জাশি & ফ্রেন্ডস। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন মিম আর ট্রল বানিয়ে জনগণ ব্যস্ত, ঠিক তখনই বিষয়টিকে নতুন সম্ভাবনার চোখে দেখছে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি। তাদের মতে, এত দক্ষতার সঙ্গে নিয়মিত ওয়াক আউট করার ট্যালেন্ট দেশে আর কারও নেই.এটা এক ধরনের ‘ন্যাচারাল র‍্যাম্প স্কিল।

ফ্যাশন ইন্ডাস্ট্রির এক দিগগজ ডিজাইনার নাম প্রকাশ না করার শর্তে আমাদের বলেন, দেখেন, মডেলরা মাসের পর মাস প্র্যাকটিস করে একটা স্মার্ট ওয়াক শেখে। কিন্তু জাশি & ফ্রেন্ডস তো সংসদে গিয়ে লাইভ টেলিকাস্টের মধ্যেই এত কনফিডেন্স নিয়ে ওয়াক আউট করছেন! এটা ট্যালেন্ট না হলে কী? তিনি আরও জানান, আগামী সিজনের ফ্যাশন শোতে Walk Out Collection 2026 নামে একটি নতুন থিম চালু করার পরিকল্পনা চলছে। এই শোতে মডেলরা হঠাৎ করে র‍্যাম্পে উঠে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে কোনো কারণ ছাড়াই নাটকীয় ভঙ্গিতে বের হয়ে যাবে,ঠিক সংসদীয় স্টাইলে।

এদিকে এক তরুণ ডিজাইনার বলেন, আমরা ভাবছি, র‍্যাম্পে ওঠার আগে মডেলদের হাতে একটা মাইক্রোফোন দেওয়া হবে। তারা কিছুক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকবে, তারপর এই পরিবেশে থাকা সম্ভব না’ বলে স্টাইল করে ওয়াক আউট করবে। এতে দর্শকদের মধ্যে বাস্তবতার ছোঁয়া আসবে। ফ্যাশন বিশ্লেষকদের মতে, এই নতুন ট্রেন্ড চালু হলে ভবিষ্যতে সংসদ সদস্যদের জন্য আলাদা Best Walk Out Performance of the Year নামে নতুন ক্যাটাগরি চালু করা যেতে পারে। সেখানে বিচার করা হবে, কে সবচেয়ে নাটকীয়ভাবে, সবচেয়ে বেশি ক্যামেরা কাভারেজ নিয়ে ওয়াক আউট করতে পেরেছেন।

এদিকে জাশি & ফ্রেন্ডসের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তারা বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন। কারণ, সংসদে যদি কাজ না-ও হয়, অন্তত ফ্যাশন জগতে একটা উজ্জ্বল ক্যারিয়ার তো গড়া যাবে।

সবশেষে সেই সিনিয়র ডিজাইনার আবারও বলেন, রাজনীতি তো চলবেই, কিন্তু স্টাইলটা থাকতে হবে। আর জাশি & ফ্রেন্ডসের মধ্যে সেই স্টাইল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভবিষ্যতে হয়তো সংসদে কম, র‍্যাম্পেই বেশি দেখা যাবে তাদের—চুমু চুমু চুমু।

২৮ পঠিত ... ১৭:২৭, এপ্রিল ১১, ২০২৬

Top