অনেকদিন ধরেই মব করতে পারছিলেন না মববাজরা। নতুন সরকার আসার পর তাই মোটামুটি অলস দিন কাটছিল তাদের। কিন্তু গতকাল কুষ্টিয়ায় মবের মাধ্যমে এক পীরকে হত্যা করার পর এখন বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন স্থানীয় মববাজরা। এমনকি অনেকদিন পরে মব করে হত্যা করতে পারায় সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
গত কিছুদিন যাবত বেশিরভাগ মববাজই হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তেমন কোনো সুযোগ পাচ্ছিলেন না। কেউ গুজব ছড়ালেই মানুষ যাচাই করে নিচ্ছে, পুলিশ আসছে, ভিডিও হচ্ছে এসব কারণে তাদের ‘ব্যবসায়’ খানিকটা লালবাতি জ্বলছিল। কিন্তু গতকাল কুষ্টিয়ায় ঘটে যাওয়া ঘটনাটি যেন তাদের জীবনে নতুন আলো নিয়ে আসে।
স্থানীয় এক মববাজ আনন্দে চোখ ভিজিয়ে বলেন, আগে কী সুন্দর দিন কাটাইতাম! গায়ের নওজোয়ান আমরা মুসলমান, মিলিয়া বাকি সব সাফা করিতাম। মাসখানেক ধরে হাত-পা শক্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমরা যেন অবসরপ্রাপ্ত মববাজ হয়ে গেছি। কিন্তু পীর মেরে শুইলে আবার সেই পুরনো ফিলিংটা আইসে। মনে হইল আহা আমরা এখনো ফর্মে আছি।
এদিকে মববাজ উন্নয়ন পরিষদের এক মুখপাত্র জানান, গত এক মাস আমাদের জন্য ছিল অফ-সিজন। হাত-পা যেন মরিচা পড়ে যাচ্ছিল। কিন্তু গতকালের সফল ‘অপারেশন’ আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে আমরা আবার আমাদের ঐতিহ্য চর্চা করতে পারছি।


